নজরবন্দি ব্যুরোঃ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সল্টলেকের এফডি ব্লকের একটি পুজো মণ্ডপে। পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা মণ্ডপ। তবে প্রতিমার কী অবস্থা তা এখনও জানা যায়নি। কেনই বা এই আগুন, কী থেকে এই অগ্নিকাণ্ড তা জানার চেষ্টা করছে পুলিশ। সূত্রের পাওয়া খবরে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৬ টা নাগাদ মণ্ডপ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে সেই ধোঁয়ায় কালো হয়ে যায় আকাশ।
আরও পড়ুনঃ উৎসবের মধ্যেই কেন্দ্রীয় সরকারি ও বেসরকারি কর্মীদের জন্য সুখবর আনতে চলেছে কেন্দ্র।
বিপদের আশঙ্কা করে স্থানীয় বাসিন্দারা। কিন্তু তাঁরা সেখানে পৌঁছনোর আগেই দাউদাউ করে জ্বলে ওঠে মণ্ডপ। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থল পৌঁছয় দমকলের ৩ টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকলবাহিনী। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় মণ্ডপ। আজ বিসর্জনের কথা ছিল ওই পুজোর।
ফলে প্রতিমাও ছিল ভিতরেই, সেই প্রতিমার কী অবস্থা তা এখনও জানা যায়নি। কিন্তু কী থেকে এই আগুন? এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সূত্রই নেই দমকল বা পুলিশের কাছে। দমকল আধিকারিকদের কথায়, আগুন সম্পূর্ণভাবে নেভার পরই বিষয়টি জানা যাবে।
দক্ষিণ বিধাননগর থানার পুলিশের তরফে জানানো হয়েছে, মণ্ডপের সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা করা হচ্ছে। এক পুজো উদ্যোক্তা জানিয়েছেন, আজই তাঁদের প্রতিমা বিসর্জনের কথা ছিল। তার আগে এহেন কাণ্ডে ভেঙে পড়েছেন উদ্যোক্তা থেকে স্থানীয়বাসিন্দা সকলেই।



