নজরবন্দি ব্যুরোঃ পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো প্রথম সারির কয়েক জন নেতা গ্রেফতারও হয়েছেন। খাঁড়া ঝুলছে আরও একাধিক নেতা মন্ত্রীর উপরে। এই পরিস্থিতিতে বেশ বিড়ম্বনায় পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর সেই বিড়ম্বনা বাড়িয়ে তুলছেন তৃণমূলের কিছু নেতা কর্মী। যার মধ্যে অন্যতম হলেন নারদে ঘুষ নিতে দেখা যাওয়া দমদমের সাংসদ সৌগত রায়।
আরও পড়ুনঃ তৃণমূল নেতাদের চোর বললে এলাকা ছাড়া হতে হবে, হুঙ্কার সৌগতর।
কদিন আগেই প্রকাশ্য জনসভা থেকে তৃণমূলের এই বর্ষীয়ান নেতা বলেন, দলের কিছু লোকের খারাপ কাজের জন্য তৃণমূল বদনামের ভাগী হচ্ছে। সোমবার একটি জনসভায় সৌগত প্রকাশ্যেই মেনে নিয়েছেন যে, দল এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এতে দলের দোষ দেখছেন না তিনি। তিনি মনে করেন, এতে দলের কোনও দোষ নাই। দলের কিছু লোক খারাপ কাজ করেছে।

তৃণমূলে কতজন সৎ আর কতজন অসৎ তাঁর একটা হিসেবও দিয়েছিলেন সৌগত। গত ২২ তারিখে সৌগত মনে করিয়ে দিয়েছিলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের ৯৫ শতাংশ কর্মী সৎ এবং নিষ্ঠাবান। তাঁরা মানুষের জন্য কাজ করেন।’’ কিন্তু ৫ দিনের ব্যাবধানে সেই শতাংশের হার বাড়িয়ে দিলেন তিনি নিজেই।
৫ দিনের মধ্যে ৩ শতাংশ সৎ নেতা কর্মী বাড়ল তৃণমূলে! কিভাবে জানেন?

এদিন দমদমের সাংসদ প্রকাশ্যে হুমকি দিয়েছেন বিরোধীদের। বলেছেন কেউ যদি তৃণমূল নেতা কর্মীদের চোর বলে সম্বোধন করেন তাহলে তাঁকে এলাকাছাড়া হতে হবে। এদিন সৌগত রায় বলেন, ‘সিপিএম, বিজেপি যদি আমাদের চোর বলে উত্যক্ত করে, তাহলে কিন্তু তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না।’ তারপরেই নিজেরা কতটা সৎ তা নিয়ে একটা পরিসংখ্যান দেন তিনি।

সৌগত বলেন, ‘তৃণমূলে ৯৮ শতাংশ সৎ। ২ শতাংশ যদি দুর্নীতিগ্রস্থ হয়, আমরা তাঁদের বার করে দেব। সিপিএম, বিজেপি যদি আমাদের চোর বলে উত্যক্ত করে, তাহলে কিন্তু তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না, আমরা রুখে দাঁড়ালে ওদের এলাকাছাড়া হতে হবে।’



