নজরবন্দি ব্যুরোঃ আনলকের দ্বিতীয় পর্বে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করেছে দেশের বিভিন্ন রাজ্য। কিন্তু তার মধ্যেই প্রতি দিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে দেশ। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। আর সেই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসছে ভারতের বুকে।গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যাটা ৪০ হাজার ছাপিয়ে গেল।
আরও পড়ুনঃ রাজ্যে আজ রেকর্ড মৃত্যু, সাথে আক্রান্ত ২২৭৮ জন! #Exclusive


আর তার সঙ্গেই মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ পেরিয়ে গেল। সেইসঙ্গে একদিনে সর্বাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। ভারতে মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে ২৭ হাজার। তবে সেই সঙ্গে সুস্থতার হারও বাড়ছে। একদিনে প্রায় ২৩ হাজার মানুষ সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখের বেশি আক্রান্ত। এখনও চিকিৎসাধীন ৩ লক্ষ ৯০ হাজার ৪৫৯ জন। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত।
উপরে শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিল।গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৫৬ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। যা কিনা আগের দিনের তুলনায় অনেকটা কম।ভারতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে।আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গিয়েছে। এই মুহূর্তে মারাঠা প্রদেশে মোট আক্রান্ত ৩,১০,৪৫৫। মহারাষ্ট্রে কোভিডে মারা গিয়েছেন ১১,৮৫৪ জন। আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু।
দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১,৭০,৬৯৩। মৃত্যু হয়েছে ২৪৮১ জনের। তারপরেই রয়েছে দিল্লি। রাজধানীতে এই মুহূর্তে আক্রান্ত হয়েছেন ১,২২,৭৯৩ জন। মৃত্যু হয়েছে ৩৬২৮ জনের। চার নম্বরে কর্নাটক। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬৩,৭৭২। মৃত্যু হয়েছে ১৩৩১ জনের। পাঁচ নম্বরে উঠে এসেছে উত্তরপ্রদেশ। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪৯,২৪৭। মৃত্যু হয়েছে ১১৪৬ জনের। গুজরাতে আক্রান্ত হয়েছেন ৪৮,৩৫৫ জন। মারা গিয়েছেন ২১৪২ জন।


মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, কর্নাটক, উত্তরপ্রদেশ ও গুজরাত, এই ছয় রাজ্যগুলি মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৭,৬৫,৩১৫ জন। এই সংখ্যা দেশের মোট আক্রান্তের ৬৮.৪৫ শতাংশ। মৃত্যুর ক্ষেত্রে এই রাজ্যগুলির পরিসংখ্যান তো আরও ভয়াবহ। এই ছয় রাজ্য মিলিয়ে মোট ২২,৫৮২ জনের মৃত্যু হয়েছে, যা দেশের মোট মৃত্যুর ৮২.১৩ শতাংশ। এক নজরে দেখে নিন রাজ্য ভিত্তিক আক্রান্তের সংখ্যা।








