নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে বাড়ছে ৪ হাজার কোভিড বেড, অফিসে হাজিরার নতুন নিয়ম ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যে করোনার প্রকোপ লাগামছাড়া। কিছুতেই কমছে না করোনা। এই অবস্থায় রাজ্যের হাসপাতাল গুলিতে বেড নেই বলে অভিযোগ উঠছে বিরোধী ও আক্রান্তের পরিবার থেকে। এবার আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও ভয়ের কিছু নেই। সুস্থতার হার বেশি। তবে জনসাধারণকে আরও সচেতন হতে হবে। তিনি ঘোষণা করেন জায়গা না দিলে মানুষের চিকিত্সা কী করে হবে? আরও চার হাজার বেড বাড়ছে রাজ্যের হাসপাতালগুলিতে।’ মুখ্যমন্ত্রী আজ বলেন, ‘একটা কমিউনিটি সেন্টার পাচ্ছি না। আমার পাড়ায় করা যাবে না।
আরও পড়ুনঃ দক্ষিনের সাথে পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গ, দেখুন আপনার জেলার করোনা চিত্র।


কোভিড আক্রান্ত হলে কী করবে? কারও পাড়ায় কোভিড সেন্টার থাকবে না, সেফ হাউজ থাকবে না! কারও পাড়ায় দেহ পোড়ানো যাবে না! প্রতিদিন যদি ৩০ জন মারা যায়, কী হবে? ধাপায় একটাই চুল্লি। তা-ও খারাপ হচ্ছে। টাকা দিচ্ছি, সাতদিনে আর একটা চুল্লি তৈরি করে দিন।’ একইসঙ্গে সরকারি অফিসে ৭০ থেকে কমিয়ে ৫০ শতাংশ হাজিরার কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘৩১ জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউন। এবার থেকে ৫০ শতাংশ কর্মী আসবেন দু’দফায়।
বেসরকারি ক্ষেত্রেও ওয়ার্ক ফ্রম হোমের উপরে জোর দেওয়া হবে। ব্যাঙ্কগুলোর তরফ থেকেও আবেদন এসেছে। বেলা ২টোর পর তাদের ছুটি দেওয়া যায় কি না দেখতে হবে। পাশাপাশি শনি-রবি বন্ধ।’ প্রসঙ্গত গত কয়েক দিন ধরেই রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া এবং হুগলী তে কার্যত বেলাগাম করোনা ভাইরাস। বাদ নেই উত্তরের জেলা গুলিও, কার্যত সংকট জনক পরিস্থিতি মালদা, দিনাজপুর বা দার্জিলিং জেলাতেও।
শেষ সাত দিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ।মৃত্যু হয়েছে ১৭০ জনের বেশি।করোনার দুর্বার গতি রাজ্যে। রাজ্যে আক্রান্ত বেড়ে পেরিয়ে গেল ৩৬ হাজারের গণ্ডি, মৃত্যু ১০০০ পেরিয়ে গেল এদিন।রেকর্ড টেস্টের দিনে রেকর্ড ভাঙা সংক্রমণ হয়েছে রাজ্যে, আজকের বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯০ জন! নতুন ১ হাজার ৬৯০ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ১১৭ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে।











