নজরবন্দি ব্যুরোঃ আজই জামিনের স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধে হাইকোর্টে চার হেভিওয়েট। গতকাল নিম্ন আদালতের জামিন খারিজ করার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে চার হেভিওয়েট অভিযুক্তকে নিয়ে আসা হয় প্রেসিডেন্সী জেলে। তবে অসুস্থতার কারণে ফিরহাদ হাকিম ছাড়া বাকি তিনজনেই ভর্তি রয়েছেন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে।
আরও পড়ুনঃ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এবার মদন-শোভনের পাশের ওয়ার্ডে ভর্তি হলেন সুব্রত।
এদিকে বুধবার ফের ওই মামলার শুনানির দিন ধার্য করেছে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিন্দম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। তবে আজ চুপচাপ বসে থাকতে নারাজ রাজ্য সরকার। সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম, কামারহাটির বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় নিজেদের তরফ থেকে আদালতে জামিনের জন্য পুর্নবিবেচনার আবেদন জানাবেন।
সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে ওই নেতা-মন্ত্রীদের আবেদন জমা পড়বে হাই কোর্টে। যদিও, নারদ-কাণ্ডে ওই নেতা-মন্ত্রীদের জামিন সংক্রান্ত মামলার শুনানি বুধবার রয়েছে। জামিনের পুর্নবিবেচনার শুনানিও হবে বুধবার। কিন্তু তা জানা সত্ত্বেও জামিনের পুর্নবিবেচনার আর্জি জানানোকেই নিজেদের রণকৌশল হিসেবে স্থির করা হয়েছে। নেতা-মন্ত্রীদের তরফের আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত বলেন, ”কলকাতা হাইকোর্টে মামলার শুনানি বুধবার হলেও, মঙ্গলবারই পৃথক ভাবে প্রত্যেকে জামিন পুর্নবিবেচনার আবেদন জানাবেন। কারণ আইনি লড়াইয়ের ক্ষেত্রে যা যা করণীয় তা আমরা করব।”
আজই জামিনের স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধে হাইকোর্টে চার হেভিওয়েট। এখন দেখার রাজ্যের আবেদনের ভিত্তিতে চার নেতা মন্ত্রীর জামিনের আবেদন মঞ্জুর করে কিনা কলকাতা হাইকোর্ট।



