নজরবন্দি ব্যুরো: ভ্যাকসিন নিয়ে অসুস্থ ৩ স্বাস্থ্যকর্মী! তাঁরা বৃহস্পতিবারই টিকা নেন। তারপর থেকেই তিনজন অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তাঁরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি রয়েছেন।করোনা টিকাকরণ কর্মসূচি গত ১৬ জানুয়ারি থেকে গোটা রাজ্যের পাশাপাশি দুর্গাপুরেও চলছে।
আরও পড়ুনঃ সেরাম ইন্সটিটিউটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন


বৃহস্পতিবার দুর্গাপুর সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে চলছিল টিকাকরণ। সেখানে ভ্যাকসিন নিতে যান দীপা গড়াই নামে এক স্বাস্থ্যকর্মী। তিনি দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের পুরুরিয়াডাঙা উপস্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী। জানা গিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর থেকে মাথা ঘুরতে শুরু করে তাঁর। তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ওই স্বাস্থ্যকর্মীকে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দীপা হাই ব্লাড সুগারের রোগী। ইনসুলিনও নিতেন।দীপার মতোই অসুস্থ হয়ে পড়েন স্বাস্থ্যকর্মী পূর্ণিমা হাজরাও। তিনি দুর্গাপুরের তিন নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী। টিকা নেওয়ার পর থেকে তাঁরও মাথা ঘুরতে থাকে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি তিনি। পূর্ণিমার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। টিকা দেওয়ার পর থেকে রক্তচাপ আরও বেড়ে যায়।
ভ্যাকসিন নিয়ে অসুস্থ ৩ স্বাস্থ্যকর্মী! এছাড়া দুর্গাপুরে মল্লিকা দাস নামে আরও এক স্বাস্থ্যকর্মীও অসুস্থ হয়ে পড়েন। তিনি দুর্গাপুরের ১৩ নম্বর ওয়ার্ডের বিধানপল্লি উপস্বাস্থ্যকেন্দ্রের কর্মী। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডল জানান, “তিনজনই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভরতি রয়েছেন। তবে বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।”









