নজরবন্দী ব্যুরোঃ একদিকে হু হু করে বাড়ছে বঙ্গের তাপমাত্রা! সকাল হতে না হতেই রোদের তাপ প্রখর। বেলা বাড়ায় সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ বেড়েই চলছে। অন্যদিকে, দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে নতুন করে ফের বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হওয়া অফিস। শুধু তাই নয়, পাশাপাশি তীব্র দাবদাহের সম্ভাবনাও রয়েছে। কিন্তু কবে দেখা মিলবে বৃষ্টির? জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…


প্রসঙ্গত, এর আগে গত সপ্তাহে শনিবার, নববর্ষের দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৬ সালে নববর্ষে বঙ্গের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। যার ফলে প্রায় ৮ বছরে দ্বিতীয় উষ্ণতম নববর্ষ পেল কলকাতাবাসী। এরপর রবিবারও সর্ব নিম্ন তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর আজ , সোমবার থেকে দক্ষিণের সমস্ত জেলাতেই ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ অর্থাৎ সোমবার থেকে রাজ্যে বাড়বে গরম। পাশাপাশি লু বইবার সম্ভাবনাও রয়েছে। শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে রাজ্যে। যদিও এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে মালদহ এবং দুই দিনাজপুরে।


আরও বাড়বে গরম, বইবে লু, তীব্র দাবদাহের সম্ভাবনা, একাধিক সতর্কতা জারি করা হয়েছে

আজ, সোমবার, সপ্তাহের শুরুতেই কলকাতায় মূলত আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা আরও একটু বাড়বে। পাশাপাশি কলকাতায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি! আজ সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। তবে এই সপ্তাহেই ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা।







