বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করল ইদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের একটি ঘটনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস-কে ইদের শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠান। ৬ জুন, সেই চিঠির জবাবে ইউনূসও মোদীকে বার্তা দেন ‘পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতা’-র, যা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
মোদীর পাঠানো চিঠিতে তিনি বাংলাদেশের মানুষকে ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি লেখেন, “এই উৎসব আমাদের আত্মত্যাগের মূল্য শেখায়, শান্তির পৃথিবী গড়তে সহানুভূতি ও সৌভ্রাতৃত্বের বোধ জাগিয়ে তোলে।” সেই চিঠির জবাবে ইউনূস লিখেছেন, “আপনার সুচিন্তিত বার্তা আমাদের পারস্পরিক মূল্যবোধের প্রতিফলন। ইদ বিভিন্ন সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে। আমি নিশ্চিত, পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতা আমাদের দুই দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।”


তিনি মোদীর সুস্বাস্থ্য এবং ভারতের মানুষের শান্তি-সমৃদ্ধির কামনাও করেছেন।
রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ:
২০২৪ সালের আগস্টে বাংলাদেশে গণবিক্ষোভের জেরে শেখ হাসিনার পদত্যাগের পর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যেটি বর্তমানে ক্ষমতায় রয়েছে। আগামী ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
তবে এই অন্তর্বর্তী সরকারের সময়েই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে বলে একাধিক বার অভিযোগ করেছে ভারত সরকার। এই পরিস্থিতিতে মোদীর শুভেচ্ছা এবং ইউনূসের সৌহার্দ্যপূর্ণ জবাব—দুই দেশের সম্পর্কে শান্তি ও স্থিতিশীলতার বার্তা হিসেবেই দেখা হচ্ছে।









