নজরবন্দি ব্যুরো: সাম্প্রতিককালে একটি অন্যতম আলোচ্য বিষয় অযোধ্যার রাম মন্দির। আগামী বছরের শুরুতেই উদ্বোধন হওয়ার কথা। চলছে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে হাজির আলোর উৎসব দীপাবলি। তার আগে বিশেষ ভাবনা রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। বৃহস্পতিবার অযোধ্যায় বসতে চলেছে যোগী রাজ্যের মন্ত্রিসভার বৈঠক। উৎসবের মরশুমে যোগী আদিত্যনাথ কী বার্তা দেন সেদিকেই নজর রয়েছে একাংশের।
আরও পড়ুন: লোকসভা থেকে বহিষ্কার হতে পারেন মহুয়া? সাংসদ পদ খারিজের সুপারিশ এথিক্স কমিটির


জানা গিয়েছে, আজ (৯ নভেম্বর) নির্মীয়মাণ রাম মন্দিরের অদূরে হনুমানগড়ি মন্দিরে গোটা মন্ত্রিসভা সহ হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে পুজো দিয়ে সার্কিট হাউজে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন। এরপর এদিন বিকেলেই অস্থায়ী মন্দিরে থাকা রামলালার মূর্তি দর্শন করবেন এবং সেখানেও পুজো দেবেন সকলে। পাশাপাশি মুখ্যমন্ত্রী সহ দলের বরিষ্ঠ মন্ত্রীরা নির্মীয়মাণ মন্দিরের কাজ খতিয়ে দেখবেন বলেও খবর। মনে করা হচ্ছে, রাম রাজ্যের বার্তা দিতেই দীপাবলিকে সামনে রেখে অযোধ্যার মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।

দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্য রামরাজ্য গড়ে তোলা। সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে। মোদী সরকারের প্রতিটি কাজের মধ্যে আছে রামরাজ্যের স্বপ্ন বাস্তবায়নের বার্তা।’ যোগী আরও বলেন, তিনিও রামরাজ্যের স্বপ্ন বুকে নিয়ে সরকার চালাচ্ছেন। এরপরই অযোধ্যায় মন্ত্রিসভার বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।



আরও জানা যায়, অযোধ্যায় ধুমধাম করে পালিত হবে দীপাবলি উৎসব। এই বছর সরযূ নদীর তীরে অবস্থিত ৫৬ টি ঘাট শুক্রবার থেকে সেজে উঠবে ২১ লক্ষ প্রদীপে। যোগী আদিত্যনাথ নিজেও তাঁর মন্ত্রীদের নিয়ে দীপাবলি অযোধ্যায় কাটাবেন।
অযোধ্যায় যোগীর মন্ত্রিসভার বৈঠক, দীপাবলির আগে কোন বার্তা দেবেন মুখ্যমন্ত্রী?








