নজরবন্দি ব্যুরোঃ ‘আমফানের’ থেকেও ভয়ঙ্কর হতে পারে ‘ইয়াস’, বৈঠকের পর আশঙ্কা প্রকাশ মমতার।করোনার মারণ কামড়ে গোটা দেশের মতই কাবু এ রাজ্যও। তার সাথে গতবছরের আমফানের স্মৃতি উস্কে দিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ইতিমধ্যেই সাইক্লোন মোকাবিলায় সমস্ত রকম প্রস্তুতি নিয়ে ফেলেছে রাজ্য প্রশাসন।
আরও পড়ুনঃ করোনা যুদ্ধে সৌরভের বোর্ড, ২০০০ অক্সিজেন কনসেনট্রেটর দান বিসিসিআই-এর।
উপকূলের মানুষদের সরানো থেকে বাঁধ মেরামতি সমস্ত দিক থেকেই তৈরি রাজ্য। মুখ্যমন্ত্রী নিজে মঙ্গল ও বুধবার নবান্নের কন্ট্রোল রুমে থেকে গোটা ঘটনার দিকে নজর রাখবেন বলে জানা গেছে। আমফানের করা কোন ভুল ফের যাতে না হয় সেদিকেও কড়া দৃষ্টি রাখা হচ্ছে। এত কিছুর পরেও তীব্র সাইক্লোন নিয়ে আশঙ্কা কাটছে না। তাই আজ দুপুর তিনটে নাগাদ এই নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। যে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বেশীরভাগ মন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, অরুপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, শোভন চট্টোপাধ্যায় সকলেই ছিলেন বৈঠকে।
বৈঠক সেরে নবান্নেই সাংবাদিক সম্মেলন করলেন মমতা। সেখানেই আশঙ্কা প্রকাশ করে তিনি জানান আমফানের থেকেও ভয়ঙ্কর রূপ নিতে পারে ইয়াস। তাই সমস্ত দিক থেকে তৈরি থাকার নির্দেশ দিয়ে সতর্ক করেন তিনি। ২০ টি জেলায় যার মারাত্মক প্রভাব পরবে বলে তিনি জানান। তাই আগামী ৪৮ ঘণ্টা ওই জেলাগুলিতে লাগাতার নজরদারি রাখার নির্দেশও দেন তিনি মন্ত্রীসভার বৈঠকে। এছাড়াও সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান “৫১ টি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন কড়া হয়েছে। রাজ্যে রয়েছে ৪ হাজার সাইক্লোন শেল্টার। বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত রয়েছে ১০০০ টি দল। ১০ লক্ষ উপকূলবর্তী মানুষকে সরানোর ব্যবস্থা করা হয়েছে।”
‘আমফানের’ থেকেও ভয়ঙ্কর হতে পারে ‘ইয়াস’, বৈঠকের পর আশঙ্কা প্রকাশ মমতার। এই দুর্যোগের রেশ পরবর্তী ৭২ ঘণ্টা থাকবে বলে আশঙ্কা করেছেন তিনি। এখন দেখার সাইক্লোন পরবর্তী বিপর্যয় মোকাবিলায় কতটা সফল হয় রাজ্য সরকার।



