রাজ্যে শীতের প্রকোপ এখনও পুরোপুরি দেখা না গেলেও ঘন কুয়াশা এবং তাপমাত্রার সামান্য পরিবর্তন নিয়ে আবহাওয়া দফতর সতর্ক করেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট বেড়েছে। বিশেষত, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা ২০০ মিটার থেকে ৫০ মিটারের মধ্যে নামতে পারে।
দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং পশ্চিম বর্ধমান জেলাতেও ঘন কুয়াশার সর্তকতা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার পূর্বাভাস:
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে মাঘ মাসেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি বেশি। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
তবে রবিবার থেকে উত্তুরে হাওয়ার প্রবেশের ফলে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আগামী মঙ্গলবারের মধ্যে রাতের তাপমাত্রা ফের নিম্নমুখী হবে।
পশ্চিমী ঝঞ্ঝা ও সম্ভাব্য বৃষ্টি:
একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার কারণে মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় অবশ্য আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দিনের বেলা আকাশ পরিষ্কার থাকবে এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে থাকবে।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া:
- সর্বনিম্ন তাপমাত্রা: ১৮ ডিগ্রি সেলসিয়াস
- সর্বোচ্চ তাপমাত্রা: ২৬ ডিগ্রি সেলসিয়াস
- আপেক্ষিক আর্দ্রতা: ৫৭% থেকে ৯৫%
উত্তুরে হাওয়ার জন্য শীতের হালকা আমেজ কিছুটা ফিরতে পারে। তবে এই মরসুমে জাঁকিয়ে শীতের সম্ভাবনা খুবই কম।



