লোকসভা নির্বাচনের কয়েকদিন বাকি। প্রচার চলছে জোর কদমে। গত মার্চ মাসেই ৪২ টি আসনেই প্রার্থী ঘোষণা করে দেয় শাসক দল তৃণমূল কংগ্রেস। চলতি বছরের শুরু থেকেই সন্দেশখালির ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। আসন্ন নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামকে (TMC Candidate Haji Nurul Islam) প্রার্থী করে তৃণমূল। তবে এখন শোনা যাচ্ছে, ভোটের মুখে বসিরহাটে প্রার্থী বদল করতে পারে তারা।

আরও পড়ুন: কাঁথি থেকে ধরা পড়ল দুই জঙ্গী, গ্রেফতারিকাণ্ডে ‘অধিকারী যোগ’ নিয়ে কটাক্ষ তৃণমূলের
বসিরহাট লোকসভা (Basirhat Loksabha) কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি। গত জানুয়ারি মাসে রেশন দুর্নীতি মামলার তদন্তে বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেখানে গিয়ে তদন্তকারীরা আক্রান্ত হন। এরপর শুরু হয় নিখোঁজ শাহজাহানকে খুঁজে বের করার চেষ্টা। সেইসময়েই সন্দেশখালির মহিলারা শাহজাহানের (Sheikh Shahjahan) গ্রেফতারির দাবিতে গর্জে ওঠেন। দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বসিরহাটের বিদায়ী সাংসদ নুসরত জাহানকে নিয়ে অভিযোগ ছিল এলাকাবাসীদের এত ঘটনার পরও সাংসদকে পাশে পাননি তারা। নানা বিতর্কের পর বসিরহাটে তারকা প্রার্থীর বদলে হাজি নুরুল ইসলামকেই ভরসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নাম ঘোষণার পরই প্রচারে নেমে পড়েন বসিরহাটের তৃণমূল প্রার্থী। তবে কয়েকদিন আগেই তাঁর অসুস্থ হওয়ার খবর সামনে আসে। কী হয়েছিল তৃণমূল প্রার্থীর? জানা যায়, গত শনিবার ভোটের প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন হাজি নুরুল ইসলাম। প্রচার শেষ হওয়ার আগেই বাড়ি ফিরে যান। রবিবার বাড়িতেই ছিলেন, কোনও কর্মসূচিতেই যোগ দেননি। হাজি নুরুলের বর্তমান বয়স ৬০ বছর। রবিবার বিকেলের পর শারীরিক অবস্থার অবনতি দেখা গেলে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়।
বসিরহাটে প্রার্থী বদল করছে তৃণমূল! বিজেপির রেখা পাত্রর বিরুদ্ধে নতুন মুখ কে?

সন্দেশখালিকে কেন্দ্র করে বসিরহাট লোকসভা কেন্দ্র অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র। তৃণমূল সূত্রে খবর, হাজি নুরুল ইসলামের অসুস্থতা বাড়লে প্রার্থী বদল করা হতে পারে। তবে তৃণমূল প্রার্থীর দাবি, মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলেন ঠিকই। তবে এখন সুস্থ আছেন। গতকাল ঈদ উপলক্ষে সকলকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা দিয়েছেন। উল্লেখ্য, বসিরহাটে বিজেপি প্রার্থী করেছে সন্দেহখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে এবং এই আসনে বামেদের প্রার্থী প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার।



