নজরবন্দি ব্যুরো: অনেক আগেই জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেট প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর অবসরের পর প্রথম বিশ্বকাপ খেলে নিল মেন ইন ব্লু। কাপ ঘরে না এলেও গোটা টুর্নামেন্টে ভালো ফলাফল ধোনির উত্তরসুরী রোহিতের একাদশের। তবে ধোনির জমানা এখনও কেউ ভোলেনি। আগামী বছর আইপিএলে তিনি খেলবেন কিনা সেই প্রশ্ন অনেকের মনেই ঘুরছিল। অবশেষে এল বিরাট খবর। ২০২৪-এ সিএসকে-র হয়ে মাঠে নামবেন ‘ক্যাপ্টেন কুল’।
আরও পড়ুন: তিরুবনন্তপুরমে চলছে ব্যাপক বৃষ্টি, ম্যাচ হলে কী হবে ভারতের সম্ভাব্য একাদশ


রবিবার, ২৬ নভেম্বর ছিল আসন্ন মরশুমের জন্য নিলামের আগে রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ দিন। সেখানেই জানা গেল, ২০২৪ সালের আইপিএল খেলবেন মাহি। রিটেনশন লিস্টে জ্বলজ্বল করছে মহেন্দ্র সিং ধোনির নাম। জাতীয় দল থেকে ধোনির অবসরের পর থেকেই জল্পনা চলছে হয়তো আইপিএল থেকেও সরে দাঁড়াবেন ধোনি। যদিও এনিয়ে মাহ কখনও স্পষ্ট করে কিছু জানাননি।

মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ২০২৩-এর মরশুমে পঞ্চমবার খেতাব জেতে চেন্নাই সুপার কিংস। গতবার হাঁটুর চোটের কারণে বেশ ভুগছিলেন ধোনি। তবে ২২ গজের ভেতরে তা একবারও বুঝতে দেননি। জানা গিয়েছিল, আইপিএল শেষ হতেই তাঁর পায়ে অস্ত্রোপচার হয়। কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তাঁর হাঁটু এখন অনেকটাই ভালো আছে।



২৪-এর নিলামের আগে আট জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে সিএসকে। মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, তুষার দেশপান্ডে, অজিঙ্ক রাহানে, শিবম দুবে, মইন আলি সহ আরও কিছু খেলোয়াড়কে রিটেইন করা হয়েছে। তবে আগামী মরশুমে অধিনায়ক হিসেবে ধোনি থাকবেন কি না তা নিয়ে প্রশ্ন শুরু হয়েছে। ক্রীড়া মহলে কান পাতলে শোনা যাচ্ছে, এবারে অধিনায়কের কুর্সি সামলাতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়। যদিও এখনও কিছুই নিশ্চিত নয়।
২০২৪-এর আইপিএলে কি খেলবেন ধোনি? মাহিভক্তদের জন্য বিরাট খবর








