যাবতীয় টালবাহানার পর আগামী ১০ মার্চই হবে আইএসএল-এর দ্বিতীয় ডার্বি। তার আগেই টিকিটের দামকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হল দুই প্রধানের মধ্যে। এমনকি ডার্বি বয়কটের সিদ্ধান্ত নিল মোহনবাগান! তাহলে কি রবিবার মুখোমুখি হচ্ছে না ইস্টবেঙ্গল-মোহনবাগান?
আরও পড়ুন: আইএসএল ডার্বি কলকাতাতেই! তবে ম্যাচ শুরুর সময় বদলাবে
আর মাত্র ৭২ ঘন্টা পর ডার্বি। এবারের আয়োজক ইস্টবেঙ্গল। ম্যাচ যুবভারতীতে। খেলা শুরু সন্ধ্যে সাড়ে ৮টায়। আসলে, টিকিটের নাম নিয়ে যুযুধান দুই পক্ষের মধ্যে শুরু তরজা। মোহনবাগান সমর্থকদের অভিযোগ, তাঁদেরকে প্রায় দ্বিগুণ দামে কিনতে হচ্ছে ডার্বির টিকিট। অথচ সেই একই টিকিট ইস্টবেঙ্গল সমর্থকরা কিনছেন অনেক কম দামে!

বিতর্কের শুরু হয় প্রথম ডার্বির সময়। যে ম্যাচের আয়োজক ছিল মোহনবাগান। সেই ম্যাচে ইস্টবেঙ্গলের অভিযোগ ছিল, খুব কম সংখ্যক টিকিট তাঁদের সমর্থকদের জন্য ছেড়েছে সবুজ মেরুন। সেবারও ডার্বি বয়কটের সিদ্ধান্ত নেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা। খেলা দেখতে যাননি তাঁরা। তবে, ম্যাচের দিন মাঠে নেমেছিল দুই দলই। ফলাফল হয় ২-২।

টিকিট নিয়ে তুমুল বিতর্ক দুই প্রধানে, ডার্বি বয়কট করল মোহনবাগান!
এবারেও সেই একই রকম বিতর্ক। মাঠে গিয়ে ম্যাচ দেখবেন না বলেই জানিয়েছেন মোহনবাগান কর্মকর্তারা। তবে, মাঠে নামবে দুই দলই। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছেন, “ফুটবলের মতো জনপ্রিয় খেলাকে অসম্মান করছে ইস্টবেঙ্গল। এই প্রথম হোম টিমের দ্বিগুণ দামে অ্যাওয়ে টিমের সমর্থকদের টিকিট কিনতে হচ্ছে। এই ঘটনা লজ্জার। ইস্টবেঙ্গলের এই আচরণের জন্য আমরা ডার্বির কোনও টিকিট বিক্রি করব না বা কিনব না। এটা কর্তাদের তরফে বয়কট বলে ধরা হোক।”

১০ মার্চ কলকাতায় দুটো বড় ইভেন্ট। এক, মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ। অপরদিকে, ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। তাই ডার্বি নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। বিধাননগর পুলিশ সাফ জানিয়ে দিয়েছিল তৃণমূলের জনসভা থাকায় ডার্বি ম্যাচের নিরাপত্তা দিতে পারবেন না তারা। অবশেষে সময় বদলে রবিবারই হচ্ছে ডার্বি।









