হোয়াইট হাউসে গুলির আতঙ্ক, ট্রাম্পের সামনে হামলা—শেষ মুহূর্তে রক্ষা প্রেসিডেন্ট

হোয়াইট হাউসের কড়া নিরাপত্তা ভেদ করে গুলির ঘটনা—প্রেসিডেন্ট ট্রাম্পকে সরিয়ে নিয়ে যায় সিক্রেট সার্ভিস, আতঙ্কে ছত্রভঙ্গ শতাধিক অতিথি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্র হোয়াইট হাউসে এক অভূতপূর্ব নিরাপত্তা ভাঙনের ঘটনা। শনিবার রাতের এক জমকালো নৈশভোজ চলাকালীন হঠাৎই গুলির শব্দে স্তব্ধ হয়ে যায় গোটা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পে নিজে—তাঁর চোখের সামনেই বন্দুকবাজ পরপর গুলি চালায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়ে সিক্রেট সার্ভিস, নিরাপদে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে।

শনিবার (মার্কিন সময়) আয়োজিত ওই বার্ষিক নৈশভোজে দেশের শীর্ষস্তরের রাজনীতিক, আমলা, সাংবাদিক এবং তারকা—সব মিলিয়ে প্রায় ২৬০০ অতিথি উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ শোনা যায়। আতঙ্কে অনেকেই টেবিলের নীচে আশ্রয় নেন, কেউ আবার প্রাণ বাঁচাতে দৌড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে ছিলেন ফার্স্ট লেডিমেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁদেরও দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি, যা এই ঘটনার মধ্যে সবচেয়ে বড় স্বস্তির দিক।

ঘটনার কিছুক্ষণ পরেই সমাজমাধ্যমে পোস্ট করে ট্রাম্প জানান, দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার প্রশংসা করেন তিনি। তাঁর কথায়, “অত্যন্ত দ্রুত ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।”

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেও কীভাবে এমন হামলা সম্ভব হল? হোয়াইট হাউসের মতো সুরক্ষিত এলাকায় অস্ত্র নিয়ে ঢোকা এবং গুলি চালানো—নিরাপত্তা ব্যবস্থার বড়সড় ফাঁককেই সামনে এনে দিয়েছে।

পরবর্তী পোস্টে ট্রাম্প জানান, নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থল খালি করে দেওয়া হচ্ছে এবং খুব শিগগিরই হোয়াইট হাউসের ব্রিফিং রুম থেকে সাংবাদিক বৈঠক করবেন তিনি। পাশাপাশি আশ্বাস দেন, নির্ধারিত এই নৈশভোজ অনুষ্ঠান আগামী ৩০ দিনের মধ্যেই ফের আয়োজন করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন