‘শুভেন্দু আমার ছোট ভাই; দলে এলে ভোট ব্যাঙ্ক সঙ্গে আসবে!’ উৎসাহিত মুকুল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘শুভেন্দু আমার ছোট ভাই; দলে এলে ভোট ব্যাঙ্ক সঙ্গে আসবে!’ উৎসাহিত মুকুল। এবার প্রকাশ্যে শুভেন্দু কে বিজেপিতে স্বাগত জানালেন মুকুল রায়! গত কয়েকদিন থেকেই শুভেন্দু অধিকারী ইস্যু সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছে। আর গতকাল রাত থেকে তা একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। এবার সেই ইস্যু নিয়েই মুখ খুললেন মুকুল রায়। এদিন মুকুল বলেন, “শুভেন্দু এখনও তৃণমূলের বিধায়ক। তৃণমূল ছেড়ে বেরিয়ে এলে বিজেপিতে এলে স্বাগত।”

আরও পড়ুনঃ তৃণমূলে থাকছেন না শুভেন্দু, মন খারাপ কল্যাণের!

তবে এখানেই থামেননি মুকুল রায়, তিনি বলেছেন, “শুভেন্দু গণআন্দোলনের নেতা। ও যদি রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, তাহলে বিজেপিতে স্বাগত। শুভেন্দু যে দলে আছে সেই দলের লোকেদের সঙ্গে কথা বলেছে, দল নজর রেখেছে।” সৌগত রায় প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। তাঁর কথায়, “বয়স হয়ে গেলে অনেক কিছু ভুলে যান। তৃণমূল বলে এখন কিছু নেই। যে যার নিজের মতো চলে। কর্মী স্বেচ্ছাসেবক ও দলীয় নেতৃত্বের মধ্যে পার্থক্য আছে।”

কিন্তু শুভেন্দু নিয়ে এত মাথা ব্যাথা কেন বিজেপি-র? মুকুল জানান, “শুভেন্দু এলে বিজেপির পক্ষে লাভজনক হবে। আমি রাজনৈতিক কর্মী হিসেবে বলছি। শুভেন্দু এলে ভোট ব্যাঙ্ক সঙ্গে আসবে। এতেই লাভ হবে বিজেপির। শুভেন্দু আমার ছোট ভাই। যখন সহ সভাপতি হয়েছিলাম ও শুভেচ্ছা জানিয়েছিল। ওদের পরিবারের সঙ্গে ভাল সম্পর্ক।”

শুভেন্দু অধিকারীর টেক্সট মেসেজ পাওয়ার পর মুখ খুলেছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ও। তিনি সাফ জানিয়েছেন, তিনি যা দাবি করেছিলেন তা ষোলো আনা সত্যি। তাঁর কথায়, ‘যা বলেছিলাম, তা সত্যনিষ্ঠার সঙ্গেই জানিয়েছিলাম, শুভেন্দু মত পরিবর্তন করলে তিনিই বাকিটা বলবেন।’ সৌগতবাবুকে প্রশ্ন করা হয়েছিল, শুভেন্দুর সঙ্গে কি ফের বৈঠকের সম্ভাবনা রয়েছে? জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে আর সম্ভবনা নেই।’

উল্লেখ্য, এদিন দুপুর ২টো ৩০ নাগাদ সৌগত রায়কে এসএমএসে শুভেন্দু অধিকারী বলেন, “আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। কিন্তু গতকাল বৈঠকে আমাকে অনৈতিকভাবে ডাকা হয়েছিল। আমি ভবিষ্যতে আপনাদের সঙ্গে কাজ করতে চাই না।” এরপরই আবারও শুরু হয়েছে জল্পনা। গতকাল ঠিক কি হয়েছিল তৃণমূলের বৈঠকে? শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি, বৈঠক চলাকালীন সৌগত রায় ফোন করেছিলেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় কে। ফোনে মমতা বন্দোপাধ্যায়ের সাথে সৌজন্য বিনিময় হয়। কিন্তু এর বেশি কোন কথা হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত