অফিসে WhatsApp Web ব্যবহার করেন? ব্রাউজার বন্ধ করলেই লগ আউট নয়, অ্যাকাউন্টের নিরাপত্তায় বড় সতর্কতা কেন্দ্রের

অফিস বা পাবলিক কম্পিউটারে WhatsApp Web ব্যবহার করছেন? ব্রাউজার বন্ধ করলেই লগ আউট হয় না। ব্যক্তিগত চ্যাট ও অ্যাকাউন্টের নিরাপত্তায় I4C-এর সতর্কবার্তা এবং জরুরি পরামর্শ জেনে নিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অফিসের কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp Web) খুলে কাজ করেন? তাহলে ব্যবহারের পর শুধু ব্রাউজারের ট্যাব বা উইন্ডো বন্ধ করেই নিশ্চিন্ত হবেন না। কারণ, তাতে আপনার অ্যাকাউন্টের সেশন সক্রিয় থেকে যেতে পারে। এই বিষয়ে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র (Indian Cyber Crime Coordination Centre বা I4C)। সংস্থার সতর্কবার্তা, অন্য কেউ সেই কম্পিউটারে প্রবেশাধিকার পেলে ব্যক্তিগত চ্যাট পড়া থেকে শুরু করে আপনার পরিচয়ে মেসেজ পাঠানো, এমনকি প্রতারণার ঘটনাও ঘটাতে পারে। তাই প্রতিবার ব্যবহারের পর ম্যানুয়ালি লগ আউট করার পরামর্শ দেওয়া হয়েছে।

আই৪সি-র ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট (NCTAU) সম্প্রতি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের নিরাপত্তা নিয়ে এই সতর্কবার্তা দিয়েছে। বিশেষ করে অফিসের কম্পিউটার, একাধিক ব্যক্তির ব্যবহারের জন্য রাখা সিস্টেম এবং পাবলিক কম্পিউটারে হোয়াটসঅ্যাপ চালানোর ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে।

কেন এত সতর্কতা? আই৪সি-র বক্তব্য, কোনও কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েবের সেশন সক্রিয় থাকলে এবং অন্য কেউ সেই ডিভাইস ব্যবহারের সুযোগ পেলে অ্যাকাউন্টের অপব্যবহার হতে পারে। সেই ব্যক্তি ব্যক্তিগত মেসেজ পড়তে পারেন, পরিচিতদের নম্বর ও গ্রুপের কথোপকথন দেখতে পারেন। এমনকি অ্যাকাউন্টের মালিকের পরিচয় ব্যবহার করে অন্যদের মেসেজও পাঠাতে পারেন।

এখানেই বিপদের শেষ নয়। পরিচিত কারও নম্বর থেকে মেসেজ আসায় প্রাপক সহজেই সেটিকে বিশ্বাস করতে পারেন। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতারকেরা টাকা চাওয়া, ভুয়ো লিঙ্ক পাঠানো, ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া কিংবা ফিশিংয়ের মতো অপরাধ ঘটাতে পারে। অর্থাৎ, একটি সক্রিয় সেশন ব্যবহারকারীর পরিচিতি ও বিশ্বাসযোগ্যতাকেই প্রতারণার হাতিয়ার করে তুলতে পারে।

আই৪সি-র সতর্কবার্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল লগ আউটের নিয়ম। অনেকেই কাজ শেষ হলে ব্রাউজারের ট্যাব বন্ধ করে দেন। কিন্তু তাতে হোয়াটসঅ্যাপ ওয়েবের অ্যাকাউন্ট থেকে লগ আউট হওয়া নিশ্চিত হয় না। তাই প্রতিবার ব্যবহার শেষ হলে হোয়াটসঅ্যাপ ওয়েবের মেনুতে গিয়ে ‘Log out’ বিকল্পে ক্লিক করতে হবে। বিশেষ করে অফিস বা শেয়ার করা কম্পিউটারে এই নিয়ম মেনে চলা জরুরি।

সাইবার অপরাধ দমনকারী সংস্থাটি সাইবার ক্যাফে, পাবলিক কিয়স্ক, হোটেলের বিজনেস সেন্টার কিংবা অন্যের ধার করা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। একান্ত প্রয়োজন হলে পরিচিত ও বিশ্বস্ত কম্পিউটারে ব্রাউজারের ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করা যেতে পারে। তবে মনে রাখতে হবে, এই মোড ব্যবহার করলেই নিরাপত্তা নিশ্চিত হয় না। কাজ শেষে ম্যানুয়ালি লগ আউট করতেই হবে।

সরকারি, আর্থিক, সংস্থার অভ্যন্তরীণ বা গোপনীয় তথ্য আদানপ্রদানের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ ওয়েবের উপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে এমন কম্পিউটারে এই ধরনের তথ্য পাঠানো বা গ্রহণ করা ঝুঁকিপূর্ণ হতে পারে, যেটি অন্যেরাও ব্যবহার করেন।

আই৪সি ব্যবহারকারীদের অ্যাকাউন্টের অস্বাভাবিক কার্যকলাপের দিকেও নজর রাখতে বলেছে। নিজের অজান্তে কোনও মেসেজ পাঠানো হয়েছে কি না, পরিচিতদের কাছ থেকে অস্বাভাবিক উত্তর আসছে কি না, কিংবা অ্যাকাউন্টে অন্য কোনও সন্দেহজনক পরিবর্তন দেখা যাচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি মোবাইল, কম্পিউটার, অপারেটিং সিস্টেম ও ব্রাউজার নিয়মিত আপডেট রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অচেনা ফাইল, সন্দেহজনক ডাউনলোড এবং ক্র্যাকড সফটওয়্যার থেকেও দূরে থাকতে বলা হয়েছে।

কেউ যদি সন্দেহ করেন যে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কোনও ডিভাইসে খোলা রয়েছে, তাহলে ফোনের WhatsApp অ্যাপের ‘Linked Devices’ বিভাগে গিয়ে সংযুক্ত ডিভাইসগুলির তালিকা পরীক্ষা করা উচিত। অপরিচিত কোনও ডিভাইস দেখা গেলে সেটি থেকে লগ আউট করতে হবে। অনলাইন আর্থিক প্রতারণার শিকার হলে দ্রুত ১৯৩০ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যায় অথবা জাতীয় সাইবার অপরাধ রিপোর্টিং পোর্টালে অভিযোগ দায়ের করা যায়।

কেন্দ্রের এই সতর্কবার্তা হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার বন্ধ করার নির্দেশ নয়। বরং অফিস বা অন্যের ব্যবহৃত কম্পিউটারে লগ ইন করার সময় এবং কাজ শেষে লগ আউট করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ। কারণ, সামান্য অসাবধানতায় ব্যক্তিগত কথোপকথন এবং পরিচিতদের সঙ্গে যোগাযোগের সুযোগ প্রতারকদের হাতে চলে যেতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর