নতুন বছরের শুরুতেই কলকাতায় মোদী-মুর্মু, ৭–৯ জানুয়ারি বসছে প্রবাসী ভারতীয় দিবসের আসর

৭ থেকে ৯ জানুয়ারি কলকাতায় হবে ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন। ৮ জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পরের দিন সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বছরের শুরুতেই বড় আন্তর্জাতিক সম্মেলনের সাক্ষী হতে চলেছে কলকাতা। আগামী ৭ থেকে ৯ জানুয়ারি শহরে আয়োজিত হবে ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন (Pravasi Bharatiya Divas Convention 2027)। এই সম্মেলনে যোগ দিতে কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। বিদেশ মন্ত্রকের প্রকাশিত সরকারি সূচি অনুযায়ী, ৮ জানুয়ারি সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৯ জানুয়ারি সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেশের যোগাযোগ আরও মজবুত করার পাশাপাশি রাজ্যের শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরার সুযোগ হিসেবেও এই সম্মেলনকে দেখছে পশ্চিমবঙ্গ সরকার।

মঙ্গলবার একটি ইংরেজি দৈনিকের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কলকাতায় এই সম্মেলন আয়োজনের কথা জানান। তবে সম্মেলনের বিস্তারিত সরকারি কর্মসূচিতে দিনভিত্তিক সূচিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য স্পষ্ট করা হয়েছে। ৭ জানুয়ারি পালিত হবে যুব প্রবাসী ভারতীয় দিবস। ওই দিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যুব সম্মেলনের উদ্বোধন হবে। ৮ জানুয়ারি মূল প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ৯ জানুয়ারি রাষ্ট্রপতির উপস্থিতিতে হবে সমাপ্তি অনুষ্ঠান ও প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান।

সম্মেলনের মূল আয়োজন হবে কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ বা মিলন মেলায়। বিদেশ মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে তিন দিনের এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বারের সম্মেলনের মূল ভাবনা ‘Return to Roots: Reigniting the Diaspora Connect with Bharat’। অর্থাৎ, প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেশের শিকড়ের সম্পর্ক আরও দৃঢ় করাই সম্মেলনের অন্যতম লক্ষ্য।

প্রবাসী ভারতীয় দিবসের মঞ্চে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত মানুষ, শিল্পোদ্যোগী, পেশাদার এবং যুব প্রতিনিধিরা অংশ নেবেন। তাঁদের সঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধি এবং শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে প্রবাসী ভারতীয়দের সমস্যা, বিনিয়োগের সম্ভাবনা, ভারতের সঙ্গে তাঁদের সম্পর্ক এবং দেশের উন্নয়নে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার কথা।

এই সম্মেলনকে ঘিরে রাজ্য সরকারের বিশেষ আগ্রহের কারণও রয়েছে। শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সম্ভাবনা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে চাইছে নবান্ন। প্রবাসী ভারতীয়দের মধ্যে অনেকেই বিদেশে শিল্প, ব্যবসা ও প্রযুক্তির সঙ্গে যুক্ত। তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হলে রাজ্যে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে প্রশাসন।

দিন কয়েক আগেই দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে উপস্থিত থেকে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানেই ২০২৭ সালের সম্মেলন কলকাতায় আয়োজনের বিষয়টি সামনে আসে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই আয়োজনকে রাজ্যের পক্ষে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে সরকার। শিল্পপতি ও প্রবাসী উদ্যোগপতিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে রাজ্যের শিল্পনীতির দিকগুলিও তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, প্রবাসী ভারতীয় দিবস পালিত হয় ৯ জানুয়ারি। ১৯১৫ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন মহাত্মা গান্ধী। বিদেশে বসবাসকারী ভারতীয়দের দেশের উন্নয়নে অবদানকে স্বীকৃতি জানাতে এই দিনটি পালন করা হয়। মূল সম্মেলন সাধারণত দু’বছর অন্তর আয়োজিত হয়। ২০২৭ সালে কলকাতায় বসতে চলেছে এই সম্মেলনের ১৯তম সংস্করণ।

রাজনৈতিক দিক থেকেও এই সফর গুরুত্বপূর্ণ। রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কলকাতা সফরকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি বাড়বে। এর আগে শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে রাষ্ট্রপতির সফর ঘিরে তৎকালীন রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যে প্রকাশ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। সেই ঘটনার পর নতুন সরকারের আমলে রাষ্ট্রপতির এই সফর আলাদা তাৎপর্য পাচ্ছে।

তবে আপাতত রাজ্যের সামনে সবচেয়ে বড় দায়িত্ব তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন নির্বিঘ্নে আয়োজন করা। বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে ইতিমধ্যেই সম্মেলনের দিনক্ষণ, মূল ভেন্যু এবং কর্মসূচির প্রাথমিক বিবরণ প্রকাশিত হয়েছে। প্রবাসী ভারতীয়দের অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধনও শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর