সামনেই আইপিএলের মেগা নিলাম। আর এবার নিলামে আইপিএল এর সবগুলি দলের যে ব্যাপক পরিবর্তন হবে তা অনেক আগে থেকেই বোঝা গিয়েছিল। কিছুদিন আগেই জল্পনা উঠেছিল দল থেকে যেতে পারেন অধিনায়ক ঋষভ পন্থ। তিনি এবার চেন্নাইয়ে খেলতে পারেন। ধোনির বিকল্প হিসেবে তাকেই ভাবা হয়েছে। পন্থের দিল্লি ছাড়া নিয়ে এবার মুখ খুললেন দিল্লি ক্যাপিটালস এর মালিক পার্থ জিন্দাল।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আমরা পন্থকে অবশ্যই ধরে রাখতে চাই। আমাদের দলে অনেক ভাল ক্রিকেটার রয়েছে। সবে নিয়ম প্রকাশিত হয়েছে। তাই জিএমআর এবং ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পন্থকে যে রেখে দেওয়া হবে তা নিয়ে সন্দেহ নেই।”


এছারাও তিনি জানান, “আমাদের দলে অক্ষর পটেলের মতো অসাধারণ ক্রিকেটার রয়েছে। এ ছাড়া ট্রিস্টান স্টাবস, জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক, কুলদীপ যাদব, অভিষেক পোড়েল, মুকেশ কুমার, খলিল আহমেদের মতো ভাল ক্রিকেটার রয়েছে। দেখা যাক নিলামে কী হয়। তবে নিয়ম অনুযায়ী আমরা ছ’জনকে রাখতে পারব। সেটা আলোচনা করে ঠিক হবে”।
তবে তাঁকে নিয়ে যে গুজব চলছে তা নিয়ে বলতে গিয়ে পন্থ জানান, ‘‘সমাজমাধ্যমে এই ধরনের ভুল খবর আপনারা ছড়ান কেন? কোনও কারণ ছাড়াই অবিশ্বাসের একটা পরিবেশ তৈরি করবেন না। জানি, এই রকম খবর ছড়ানো এ বারই প্রথম নয়। দয়া করে আপনাদের সূত্রদের থেকে ঠিক খবর সংগ্রহ করবেন।’’







