‘গার্গল করে অনেকটাই ভাল আছি’, বললেন অনুব্রত মণ্ডল , থানায় হাজিরার বিষয়ে কী জানালেন কেষ্ট?

ভাইরাল অডিও কাণ্ডে পুলিশের তলব উপেক্ষা করেও এখনো থানায় যাননি অনুব্রত মণ্ডল। গলায় ব্যথা কমেছে, কিন্তু কোভিড টেস্ট করাননি বলেও জানালেন তৃণমূল নেতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বীরভূম তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট ফের সংবাদ শিরোনামে। ভাইরাল অডিও ক্লিপে পুলিশের এক আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগে তলব করা হয়েছিল তাঁকে, কিন্তু এখনো পর্যন্ত থানায় হাজিরা দেননি তিনি।

সোমবার তাঁর শরীরের অবস্থা ছিল শোচনীয়। কাশি, জ্বর, গলা ব্যথা, এবং নাক দিয়ে জল পড়া— এসব অভিযোগ করে জানান, পরিস্থিতি খারাপ হলে কোভিড টেস্ট করাবেন। কিন্তু মঙ্গলবার বিকেলে অনুব্রত জানান, তিনি এখন অনেকটাই ভালো। তাঁর কথায়, “গার্গল করে গলা ব্যথা অনেকটাই কমেছে। কোভিড টেস্ট করাইনি।

 থানায় কবে যাবেন কেষ্ট?

পুলিশ তাঁকে দু’বার নোটিশ পাঠিয়েছিল, প্রথমে শনিবার, তারপর রবিবার হাজিরা দিতে। কিন্তু দু’দিনই তাঁর আইনজীবীরা হাজির হন থানায়, এবং পেশ করেন চিকিৎসকের মেডিক্যাল সার্টিফিকেট, যেখানে লেখা ছিল পাঁচ দিনের সম্পূর্ণ বিশ্রামের কথা।

তবে এই মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। জানা গিয়েছে, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ থেকে প্রাপ্ত সেই রিপোর্টে সই করেছেন ডা. হিটলার চৌধুরী, যিনি আবার রামপুরহাট ১-এর বিএমওএইচ (Block Medical Officer of Health)। প্রশ্ন উঠেছে, সরকারি পদে থাকা অবস্থায় কীভাবে তিনি একটি বেসরকারি মেডিক্যাল কলেজে রোগী দেখলেন ও রিপোর্ট দিলেন?

জেলা স্বাস্থ্য আধিকারিক শোভন দে জানান, “সরকারি চিকিৎসকরা এভাবে সই করতে পারেন না। যদি রিপোর্ট আমার কাছে আসে, তাহলে খতিয়ে দেখা হবে।”

অডিও ভাইরাল, ‘ক্ষমা চেয়ে’ অনুব্রত

প্রথমে অনুব্রত দাবি করেছিলেন, ভাইরাল অডিওতে শোনা গলা তাঁর নয়। কিন্তু পরে দলের চাপে নিশঃর্ত ক্ষমা চান এবং স্বীকার করেন, সেই কণ্ঠস্বর তাঁরই

মঙ্গলবার ছিল তাঁর মেডিক্যাল ছুটির শেষ দিন। গলা আগের তুলনায় ভালো হলেও, তিনি জানান, থানায় হাজিরার দিন এখনও ঠিক করেননি— “ঠিক হলে জানাব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত