নজরবন্দি ব্যুরোঃ সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতায়। মাঝেমধ্যে রোদের দেখা মিললেও তা কালো মেঘের চাদরে মিলিয়ে যাচ্ছে। সাইক্লোন অশনির তাণ্ডবের হাত থেকে রক্ষা পেলেও বৃষ্টি চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিকবদল করেছে সাইক্লোন অশনি (Cyclone Ashani)। দুর্বলও হয়েছে। তবুও তেজ কমেনি। অন্ধ্র উপকূলের দিকে পা বাড়ালেও শেষ ঝাপটা দিয়েই যাবে আন্দামান সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়।
আরও পড়ুনঃ রাতে বুকে ব্যাথা, সকালেই হাসপাতালে ভর্তি অনুব্রত


অশনির দাপটেই উত্তরবঙ্গের পাঁচ জেলা ও দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার দিনভর মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস (Rain Forecast)। উপকূলবর্তী জেলাগুলিতে থাকবে ঝোড়ো হাওয়ার দাপটও। বুধবারও দফায় দফায় কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতায় আকাশ অংশত মেঘলা থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম।
শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০১৪.৭ মিমি।


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অশনি (Cyclone Ashani) সরাসরি বাংলায় প্রভাব না ফেললেও, শনিবার অবধি তুমুল বৃষ্টি হবে পাহাড় থেকে সমতলে। এর মধ্য়ে পাহাড়ের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সব জেলায় আজ দিনভর বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দুর্বল হলেও শক্তি হারায়নি অশনি, আজ দিনভর মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দুই বঙ্গে

কলকাতায় আজ সকাল থেকেই মেঘলা আকাশ। দফায় দফায় বৃষ্টি হচ্ছে (Cyclone Ashani)। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্র এবং শনিবার দুই দিন ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরেও।







