নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে, এদিকে দক্ষিণবঙ্গে ঘেমে-নেয়ে কাহিল হচ্ছেন মানুষ। উত্তরবঙ্গে বর্ষা আগাম প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত তার পথ ‘সুগম’ নয়। ফলে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এমনটাই জানাচ্ছেন আবহবিদরা। তবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুনঃ রেপো রেট বাড়াল RBI, ফের বাড়বে বাড়ি-গাড়ির EMI, মাথায় হাত মধ্যবিত্তের


উত্তরবঙ্গে বর্ষা দাপিয়ে ব্যাটিং করছে। সময়ের চার দিন আগেই সেখানে বর্ষা হাজির হয়ে গেছে। কিন্তু দক্ষিণে বর্ষার সম্ভাবনা এখনই দেখতে পাচ্ছে না হাওয়া অফিস (Monsoon)। আপাতত অস্বস্তিকর গরম থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আবার বেশি রাতের তাপমাত্রাও।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই জানিয়েছেন আবহবিদরা। বুধবার দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাসও রয়েছে।
স্বাভাবিক নিয়মে দক্ষিণবঙ্গে সাধারণত ১১ জুন নাগাদ বর্ষা প্রবেশ করে থাকে। কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশের প্রাকমুহূর্তে বর্ষার গতি থমকে গিয়েছে। এ বার উত্তরবঙ্গে নির্দিষ্ট সময়ের আগেই ঢুকেছিল বর্ষা। কিন্তু উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে বর্ষা এগিয়ে আসার কোনও চিহ্ন দেখছেন না আবহবিদরা।



আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) থেকে জানানো হয়েছে গাঙ্গেয় বঙ্গে এখনই বৃষ্টির আশা নেই। আরও কয়েকদিন এই অস্বস্তিকর প্যাচপ্যাচে গরম সহ্য করতে হবে। দক্ষিণে বর্ষা আসার স্বাভাবিক সময় জুন মাসের ১০-১২ তারিখ। সেই ক্যালেন্ডার মেনে বর্ষা দক্ষিণে পা রাখবে কিনা সেটাই এখন দেখার।
দক্ষিণবঙ্গ যখন গরমে হাঁসফাঁস করছে, তখন উত্তরবঙ্গে বিপরীত আবহাওয়া। সেখানে বৃষ্টি চলছে ভালমতোই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কিংবা কোচবিহারের মতো পাহাড়ঘেঁষা জেলা তো বটেই, বৃষ্টি হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। মালদহে অবশ্য বৃষ্টি কিছুটা কম, সেখানে আবহাওয়া গুমোট।
উত্তরে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে তার দেখা নেই এখন, স্পষ্ট জানালেন হাওয়া অফিস
এদিকে ভরা জ্যৈষ্ঠে কলকাতার আকাশ মেঘলা। বৃষ্টি হচ্ছে না, তবে গুমোট হয়ে আছে চারদিক। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম রয়েছে, সঙ্গে অস্বস্তি। কবে এই অস্বস্তি থেকে মুক্তি মিলবে সেদিকেই চেয়ে আছে শহরবাসী। এর মধ্যে সুখবর শোনাতে পারল না হাওয়া অফিসও।







