নজরবন্দি ব্যুরোঃ বৈশাখী বাংলাকে আরও স্বস্তি দেবে বৃষ্টি। আরও ৫ দিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির (Rain) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। তাপমাত্রাও বেশ অনেকখানি কমবে। তবে অস্বস্তিজনক আবহাওয়ার হাত থেকে এখনই রেহাই মিলছে না। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। যার ফলে মাঝ বৈশাখেও আগামী বেশ কিছু দিন তাপমাত্রার পারদ থাকবে নিম্নমুখী।
আরও পড়ুনঃ ভয়াবহ দুর্ঘটনা টিটাগড় ওয়াগনসে, তীব্র শব্দে ফাটল বয়লার, ছড়িয়ে পড়ল আগুন


আলিপুর হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, আগামী কয়েকদিনে ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে গাঙ্গেয় বঙ্গে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গুমোট গরম থাকবে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টি চলবে (Rain)। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা।

এর মাঝেই আবার বঙ্গোপসাগরে জমাট বাঁধছে ঘূর্ণাবর্ত। যার জেরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। হাওয়া অফিস থেকে বলা হয়েছে, আগামী ৪ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। শুক্রবারের মধ্যেই তা পরিণত হবে নিম্নচাপে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। আপাতত ওই ঘূর্ণিঝড়ের অভিমুখ ওড়িশা উপকূলের দিকে থাকবে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার রাত থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। রবিবার আবহাওয়া দফতর জানিয়েছে এই রকম বৃষ্টি গোটা রাজ্যের সব জেলাতেই হতে পারে ৫ মে পর্যন্ত। তার সঙ্গে ৪০ থেকে ৬০ কিলেমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।



এক সপ্তাহ আগেও তীব্র দাবদাহে পুড়ছিল বাংলা। তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছিল রাজ্য জুড়ে। আচমকা আবহাওয়ার এই পরিবর্তনের কারণ হিসেবে পূবালি হাওয়ার কথা বলেছে হাওয়া অফিস। আবহবিদদের ব্যখ্যা, পূর্বদিক থেকে হাওয়া ঢুকছে বাংলায়। যা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি করছে। একই সঙ্গে রাজ্যের উপর থাকা একটি নিম্নচাপের অক্ষরেখাও বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধির অন্যতম কারণ বলে জানাচ্ছেন তাঁরা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওই নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। ওই অক্ষরেখাটিই জলীয় বাষ্প আকর্ষণ করছে। যার জেরে বাতাসে আর্দ্রতা বা়ড়ছে। কমছে শুষ্ক গরম। কমছে তাপমাত্রাও।
আরও নামবে তাপমাত্রা, রাজ্যে ঝড়বৃষ্টি চলবে ৫ দিন, গরমের তেজ উড়িয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে

রবিবারও দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে সোমবার অর্থাৎ ২ মে থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। রাজ্যের আরও বিস্তৃত এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে হাওয়ার গতিবেগও বেড়ে ৫০-৬০ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।







