শুক্রবার থেকে ফের নামছে পারদ, বিদায়ের মুখে শীতের শেষ কামড়ে কাঁপবে বাংলা

শুক্রবার থেকে ফের তাপমাত্রা কমার ইঙ্গিত, কলকাতায় ১৪–১৫ ডিগ্রিতে নামতে পারে পারদ; উত্তর ও দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কতা জারি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শীত বিদায় নেওয়ার আগেই ফের একবার চমক দিতে চলেছে আবহাওয়া। টানা কয়েকদিন তুলনামূলক উষ্ণতার পর শুক্রবার থেকেই রাজ্যে নামতে শুরু করবে পারদ। উত্তুরে হাওয়ার জোরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফিরতে পারে শীতের শেষ কামড়—এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আবহাওয়া দফতর জানাচ্ছে, নতুন করে কোনও পশ্চিমী ঝঞ্ঝার বাধা না থাকায় উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া বইবে। তার জেরেই আগামী দু’দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উইকেন্ডে ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি আরও বাড়বে।

উত্তরবঙ্গের তিন জেলা—দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে আসতে পারে মাত্র ৫০ মিটারে। বাকি জেলাগুলিতেও সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, যেখানে দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে থাকবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি। কলকাতায় খুব হালকা কুয়াশা থাকতে পারে, তবে দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে।

কলকাতায় রাতের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের কাছাকাছি থাকলেও শুক্রবার থেকে ফের নিম্নমুখী হবে পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। দিনে শীতের তেমন প্রভাব না থাকলেও সকাল ও সন্ধ্যায় ঠান্ডার আমেজ টের পাওয়া যাবে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৫ থেকে ৮৯ শতাংশের মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকতে পারে ১৭ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত