ভোটের আগেই নিয়োগ পরীক্ষা! গ্রুপ C–D লিখিত পরীক্ষার দিনক্ষণ জানাল স্কুল সার্ভিস কমিশন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিধানসভা ভোটের আবহে বড় প্রশাসনিক সিদ্ধান্ত। রাজ্যের স্কুলগুলিতেই গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার অনুমোদন দিল নবান্ন। লক্ষাধিক পরীক্ষার্থীর ভবিষ্যৎ জড়িয়ে থাকা এই পরীক্ষার সূচি চূড়ান্ত করেছে West Bengal School Service Commission

নবান্নের অনুমোদনের পর রাজ্য স্কুল শিক্ষা দফতর গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপ সি নিয়োগের লিখিত পরীক্ষা হবে ১ মার্চ এবং গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে ৮ মার্চ

গ্রুপ সি পরীক্ষাটি হবে দুপুর ১২টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত। অন্যদিকে, গ্রুপ ডি পরীক্ষার সময়সীমা নির্ধারিত হয়েছে দুপুর ১২টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত।

এসএসসি সূত্রে জানা গিয়েছে, গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে ১৬ লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য রাজ্যজুড়ে ১৫০০-রও বেশি পরীক্ষাকেন্দ্র প্রয়োজন হবে। মাধ্যমিক পরীক্ষার আদলে স্কুলে স্কুলে এই পরীক্ষা নেওয়ার পরিকল্পনাই করা হয়েছে।

এই কারণেই আগেভাগে নবান্নের অনুমোদন চেয়েছিল West Bengal School Education Department। সেই অনুমোদন মিলতেই পরীক্ষার আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

বর্তমানে গ্রুপ সি পদে ২৯৮৯টি এবং গ্রুপ ডি পদে ৫৪৮৮টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরই এই নিয়োগ পরীক্ষা নেওয়ার পক্ষে ছিল শিক্ষা দফতর। সেই প্রস্তাবেই সবুজ সংকেত দিয়েছে নবান্ন

সূত্রের খবর, পরীক্ষার বিস্তারিত নিয়মাবলি ও নির্দেশিকা বৃহস্পতিবারই প্রকাশ করবে এসএসসি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত