রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলে শিক্ষক সঙ্কট ক্রমশ উদ্বেগের কারণ হয়ে উঠছে। কোথাও অঙ্কের শিক্ষক নেই, কোথাও আবার অন্য বিষয়ের ক্লাস নেওয়ার মতো শিক্ষক পাওয়া যাচ্ছে না। পড়ুয়াদের পঠনপাঠন যাতে ব্যাহত না হয়, সেই পরিস্থিতিতে এবার অস্থায়ী ব্যবস্থা নিল স্কুল শিক্ষা দফতর। সরকারি মডেল স্কুলগুলিতে শিক্ষক সঙ্কট সামাল দিতে সরকার পোষিত স্কুলের শিক্ষকদের অন্য স্কুলে গিয়ে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, যে স্কুলে শিক্ষক রয়েছেন, সেখান থেকে সাময়িকভাবে তাঁকে পাঠানো হবে শিক্ষকহীন বা শিক্ষক স্বল্পতার স্কুলে। এই ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষামহলে।
রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ঘটনা থেকে শুরু করে নতুন নিয়োগের দাবিতে আন্দোলন—বিভিন্ন কারণে স্কুলশিক্ষা বারবার খবরের শিরোনামে এসেছে। সেই পরিস্থিতিতে সরকারি ও সরকার পোষিত স্কুলে শিক্ষক শূন্যতার সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে বলে শিক্ষা দফতর সূত্রে খবর।
এক স্কুলের শিক্ষক অন্য স্কুলে, কী নির্দেশ শিক্ষা দফতরের?
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সরকারি মডেল স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব রয়েছে। কোথাও অঙ্কের শিক্ষক নেই, কোথাও আবার অন্য বিষয়ের ক্লাস নেওয়ার মতো পর্যাপ্ত শিক্ষক নেই। ফলে নিয়মিত পঠনপাঠন চালানো কঠিন হয়ে পড়ছে।
এই পরিস্থিতিতে স্কুল এডুকেশন কমিশনারের তরফে জেলা বিদ্যালয় পরিদর্শকদের (DI) নির্দেশ পাঠানো হয়েছে বলে খবর। সেই নির্দেশ অনুযায়ী, আপাতত সরকার পোষিত স্কুল থেকে শিক্ষক নিয়ে সরকারি মডেল স্কুলগুলিতে পাঠানোর ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্ট শিক্ষক নিজের মূল স্কুলের বেতনই পাবেন, কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য তাঁকে অন্য স্কুলে গিয়ে পড়াতে হবে।
জেলাভিত্তিকভাবে এই ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ, যে জেলায় সরকারি মডেল স্কুলে শিক্ষক সঙ্কট রয়েছে, সেখানে প্রয়োজন অনুযায়ী কাছাকাছি সরকার পোষিত স্কুল থেকে শিক্ষক পাঠানো হতে পারে। আপাতত এই ব্যবস্থা অস্থায়ী বলেই জানা যাচ্ছে।
নিয়োগ না করে অস্থায়ী ব্যবস্থা, প্রশ্ন শিক্ষামহলে
শিক্ষক সঙ্কট মোকাবিলায় এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায়ের বক্তব্য, স্কুলে শিক্ষক নিয়োগ এবং পরিকাঠামোর উন্নয়নই হওয়া উচিত ছিল সরকারের অগ্রাধিকার। অস্থায়ীভাবে এক স্কুলের শিক্ষককে অন্য স্কুলে পাঠিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলেই মনে করছেন তিনি।
নন্দিনী মুখোপাধ্যায়ের কথায়, “কেন এই ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে সরকারকে? শিক্ষক নিয়োগ দরকার ছিল আর পরিকাঠামোকে উন্নত করতে হত। এমন ঠেকা দেওয়া ব্যবস্থাপনা কোনও স্কুলকে বাঁচাতে পারে না। মনে রাখতে হবে এটা স্কুল। শিক্ষার বুনিয়াদি জায়গা। একটা বিচ্ছিরি সিদ্ধান্ত।”
শিক্ষামহলের একাংশের মতে, যে স্কুল থেকে শিক্ষককে অন্যত্র পাঠানো হবে, সেখানেও যদি শিক্ষক সঙ্কট থাকে, তাহলে নতুন করে সমস্যা তৈরি হতে পারে। ফলে সাময়িকভাবে একটি স্কুলের ক্লাস চালু হলেও অন্য স্কুলের পড়াশোনা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে।
নতুন শিক্ষাবর্ষে ১৭টি বইয়ের নাম বদল
শিক্ষক সঙ্কটের পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে পাঠ্যবইয়েও বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে স্কুল শিক্ষা দফতর। আগামী ২ জানুয়ারি থেকে পড়ুয়াদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৭টি পাঠ্যবইয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দফতর সূত্রে খবর।
নতুন শিক্ষাবর্ষে পুরনো কয়েকটি বইয়ের জায়গায় নতুন নামের বই পড়বে পড়ুয়ারা। পাঠ্যবই ও সিলেবাসে পরিবর্তনের জন্য গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে। পড়ুয়াদের বয়স, শিক্ষার স্তর এবং প্রয়োজনের কথা মাথায় রেখে নতুন পাঠ্যক্রম সাজানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
তবে শিক্ষক সঙ্কটের মধ্যে নতুন বই চালু করার পাশাপাশি নিয়মিত পঠনপাঠন কীভাবে নিশ্চিত করা হবে, সেই প্রশ্নও উঠছে। একদিকে নতুন পাঠ্যক্রম, অন্যদিকে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব—দুই চ্যালেঞ্জ সামলে স্কুলশিক্ষার মান বজায় রাখাই এখন শিক্ষা দফতরের সামনে বড় পরীক্ষা।
শিক্ষক নিয়োগের স্থায়ী সমাধান না করে অস্থায়ীভাবে অন্য স্কুল থেকে শিক্ষক এনে ক্লাস চালানোর এই উদ্যোগ কতটা কার্যকর হয়, তা সময়ই বলবে। আপাতত নজর সরকারি মডেল স্কুলগুলিতে শিক্ষক পাঠানোর নির্দেশ বাস্তবে কীভাবে কার্যকর হয় এবং নতুন শিক্ষাবর্ষে পড়ুয়াদের পঠনপাঠন কতটা স্বাভাবিক রাখা যায়, সেদিকে।



