চতুর্থীতে নতুন নিম্নচাপের সম্ভাবনা! আগামী ৬ দিন কেমন যাবে আবহাওয়া? জানুন বিস্তারিত

মায়ানমার উপকূল থেকে ঘূর্ণাবর্ত ধেয়ে আসছে বঙ্গোপসাগরের দিকে। ২৫-৩০ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

চতুর্থীর আগেই ফের নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এক রাতের টানা বৃষ্টিতে পুজোর আগে বিপর্যস্ত হয়েছে কলকাতা-সহ শহরতলির জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের প্রভাবেই এই বৃষ্টি হয়েছে। তবে এখনই স্বস্তির সম্ভাবনা নেই। কারণ মায়ানমার উপকূল থেকে ধীরে ধীরে বাংলার দিকে আসছে আরেকটি ঘূর্ণাবর্ত, যা নিম্নচাপে পরিণত হয়ে নতুন করে বৃষ্টি নামাবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি রয়েছে, তা আরও ১২ ঘণ্টা একই জায়গায় থেকে ধীরে ধীরে শক্তি হারাবে। এদিকে মায়ানমার উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগরের উপর থাকা আরেকটি ঘূর্ণাবর্ত পশ্চিমদিকে সরছে। এর প্রভাবেই ২৫ সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Shamim Ahamed Ads

এই নিম্নচাপ ২৬ সেপ্টেম্বর থেকে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সক্রিয় হবে। হাওয়া অফিস জানাচ্ছে, ২৭ সেপ্টেম্বরের মধ্যে এটি দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এর ফলে শনিবার থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও থাকছে।

দিনভিত্তিক পূর্বাভাস অনুযায়ী:
২৫ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
২৬ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
২৭ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও হাওড়ায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
২৮ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাবে। বাকি জেলায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়ার পূর্বাভাস।
২৯-৩০ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের জন্য বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার সেই সতর্কতা থাকবে কোচবিহারেও। শনিবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। ২৮-৩০ সেপ্টেম্বর উত্তরে বড় কোনও সতর্কতা নেই, তবে দু’-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস আরও জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল ঘেঁষা উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫-৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ফলে সমুদ্র উত্তাল থাকবে। তাই ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা।

পুজোর আগে নিম্নচাপের এই নতুন সম্ভাবনা আবহাওয়ার অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পরিস্থিতি প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে নতুন করে সতর্কতা জারি করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত