আয়ুষ্মানের বাইরে থাকলেও মিলবে স্বাস্থ্যবিমা! ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ চালুর বিজ্ঞপ্তি, কারা পাবেন না সুবিধা?

আয়ুষ্মান ভারতের বাইরে থাকা যোগ্য নাগরিকদের জন্য পশ্চিমবঙ্গে চালু হল ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’। পরিবারপিছু ₹৫ লক্ষ পর্যন্ত স্বাস্থ্যবিমা মিলবে, তবে একাধিক শ্রেণি এই প্রকল্পের বাইরে থাকবেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প চালু হওয়ার পরেও যাঁরা বিভিন্ন যোগ্যতার শর্তের কারণে ওই প্রকল্পের আওতায় আসছেন না, তাঁদের জন্য নতুন স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প চালুর বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ (Mukhyamantri Swasthya Bima Yojana)-র আওতায় যোগ্য উপভোক্তারা পরিবারপিছু ₹৫ লক্ষ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের লক্ষ্য হল এমন পরিবারগুলিকে স্বাস্থ্যবিমার আওতায় আনা, যাঁরা আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন না। তবে প্রকল্পে আবেদন ও সুবিধা পাওয়ার ক্ষেত্রে একাধিক যোগ্যতার শর্ত এবং বর্জনের নিয়মও নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নলিখিত ব্যক্তিরা ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-র সুবিধা পাবেন না—

  • পরিবারের বার্ষিক আয় ₹৮ লক্ষ বা তার বেশি হলে।
  • চাকরিরত বা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী, যাঁরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য স্কিম, ২০০৮ (West Bengal Health Scheme, 2008)-এর আওতাভুক্ত।
  • চাকরিরত বা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী, যাঁরা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম (Central Government Health Scheme – CGHS)-এর সুবিধাভোগী।
  • যাঁরা ইতিমধ্যেই গ্রুপ মেডিক্যাল ইনস্যুরেন্স-এর আওতায় রয়েছেন।
  • সরকারি নিয়ম অনুযায়ী মেডিক্যাল অ্যালাউন্স পান এমন ব্যক্তিরা।
  • পরিবারের যে সদস্যের বয়স ৭০ বছর বা তার বেশি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বয়সের নাগরিকরা আয়ুষ্মান ভারতের আওতায় সুবিধা পাওয়ার যোগ্য।
  • যাঁদের নাম এসআইআর (SIR)-এ বাতিল হয়েছে, তাঁরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

উল্লেখ্য, দীর্ঘদিন রাজ্য ও কেন্দ্রের মধ্যে মতপার্থক্যের কারণে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু ছিল না। সেই সময় তৎকালীন রাজ্য সরকার স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্প চালু করেছিল, যার মাধ্যমে পরিবারপিছু ₹৫ লক্ষ পর্যন্ত চিকিৎসার সুবিধা দেওয়া হত।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্যকর হয়েছে। তার পাশাপাশি, আয়ুষ্মানের আওতার বাইরে থাকা যোগ্য নাগরিকদের জন্য এবার চালু হল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। তবে প্রকল্পে আবেদন, নথি যাচাই এবং সুবিধা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা পৃথকভাবে প্রকাশ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন