বাজেটে একের পর এক জনমুখী ঘোষণা। এবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর দিল মমতা সরকার। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে ক্যাশলেস চিকিৎসার সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা করা হল রাজ্য বাজেটে। চিকিৎসা খাতে ক্রমবর্ধমান খরচের চাপ কমাতেই এই সিদ্ধান্ত—এমনটাই জানাল নবান্ন।
২০২৬–২৭ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য সরকারি কর্মচারীদের স্বাস্থ্য খাতে বরাদ্দ আরও বাড়ানো হচ্ছে। তারই অংশ হিসেবে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম–এ ক্যাশলেস চিকিৎসার সুবিধায় বড়সড় পরিবর্তন আনা হয়েছে।


মন্ত্রী জানান, সরকারি কর্মচারী বা তাঁর পরিবারের কেউ যদি রাজ্য সরকারের প্যানেলভুক্ত কোনও হাসপাতালে চিকিৎসা করান এবং সেই চিকিৎসার খরচ ২ লক্ষ টাকা ছাড়িয়ে যায়, তাহলে অতিরিক্ত খরচের ৭৫ শতাংশ পর্যন্ত ক্যাশলেস সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, নির্দিষ্ট সীমার বাইরে গিয়েও বড় অঙ্কের চিকিৎসা খরচে কর্মচারীদের নিজের পকেট থেকে খরচ অনেকটাই কমবে।
এর আগে পশ্চিমবঙ্গ সরকারের এই হেলথ স্কিমে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্তই ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলত। নতুন ঘোষণার ফলে কার্যত সেই সীমা ৭৫ শতাংশ পর্যন্ত বাড়ল বলে মনে করছে প্রশাসনিক মহল।
রাজ্য সরকারের দাবি, এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন গুরুতর রোগে আক্রান্ত কর্মচারী ও তাঁদের পরিবার। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ যেভাবে দ্রুত বাড়ছে, সেখানে এই স্কিম সরকারি কর্মীদের জন্য বড় আর্থিক সুরক্ষা দেবে।


বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–এর সরকারের লক্ষ্যও স্পষ্ট—স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও কর্মচারী কল্যাণকে অগ্রাধিকার দেওয়া। ভোট অন অ্যাকাউন্ট বাজেট হলেও এই ঘোষণাকে রাজ্য সরকারি কর্মীদের জন্য অন্যতম বড় ‘চমক’ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সব মিলিয়ে, ডিএ, বেতন ও ভাতা বৃদ্ধির পাশাপাশি এবার স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রেও বড় স্বস্তির বার্তা পেল রাজ্য সরকারি কর্মচারীরা।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



