৬০ লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটার, নিষ্পত্তি হল ১৫ লক্ষের! কবে ভোট রাজ্যে? কি বলছ নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে বড় অগ্রগতি। প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ইতিমধ্যেই ১৫ লক্ষের তথ্য নিষ্পত্তি হয়েছে। বিচারকদের তত্ত্বাবধানে চলছে যাচাই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ঘিরে বড় আপডেট সামনে এল। প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ইতিমধ্যেই ১৫ লক্ষের তথ্য নিষ্পত্তি হয়েছে, জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দফতর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিচারকেরা সরাসরি নথি যাচাই করে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফলে ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া জল্পনার মধ্যেই প্রশাসনের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে মোট প্রায় ৬৩ লক্ষ নাম বাদ পড়েছে। কমিশনের দাবি, বাদ পড়া এই নামগুলির মধ্যে কেউ মৃত, কেউ অন্যত্র স্থানান্তরিত, আবার অনেকের নাম একাধিক জায়গায় নথিভুক্ত ছিল। এই সংশোধন প্রক্রিয়ার মধ্যেই আরও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন তালিকায় রাখা হয়েছে।

এই বিবেচনাধীন ভোটারদের তথ্য খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে বিচারকদের। সূত্রের খবর, ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে আসা বিচারকেরা সরাসরি নথিপত্র যাচাই করে সিদ্ধান্ত নিচ্ছেন কোন নাম তালিকায় থাকবে এবং কোনটি বাদ যাবে।

এসআইআরের প্রথম দফার সংশোধিত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, মুর্শিদাবাদ ও মালদহ জেলাতেই সবচেয়ে বেশি বিবেচনাধীন ভোটার রয়েছেন। মালদহ জেলায় মোট ভোটারের সংখ্যা এখন ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩, যার মধ্যে ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন এখনও বিবেচনাধীন তালিকায় রয়েছেন।

এদিকে ভোটার তালিকা নিয়ে যদি কারও আপত্তি বা অভিযোগ থাকে, তা খতিয়ে দেখার জন্য ট্রাইবুনাল গঠন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রাক্তন প্রধান বিচারপতি ও বিচারকদের নিয়ে এই ট্রাইবুনাল তৈরি হবে বলে জানা গেছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, তালিকা যাচাইয়ের জন্য কলকাতা হাই কোর্ট যে বিচারকদের দায়িত্ব দিয়েছে, সেই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন কোনওভাবেই হস্তক্ষেপ করতে পারবে না। ফলে পুরো প্রক্রিয়াটি এখন বিচারকদের তত্ত্বাবধানেই এগোচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত