বইবে ঝোড়ো হাওয়া। নিম্নচাপের জেরে পুজোর দিনগুলিতেও বৃষ্টিপাত। জানাল আবহাওয়া দপ্তর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি । তাই পুজোর ক’দিন বৃষ্টিতে কাটবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের অভিমুখ ছিল অন্ধ্রপ্রদেশ উপকূল। কিন্তু স্থলভাগে না ঢুকে সেটি অভিমুখ পরিবর্তন করে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এবার এটি ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল হয়ে বাংলাদেশের দিকে এগোবে। পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এসে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর ফলে সমুদ্র উত্তাল হবে।

আরও পড়ুনঃ ডিসেম্বরেই কি টীকা, করোনা ভ্যাকসিন নিয়ে ইতিবাচক ইঙ্গিত কেন্দ্রের

সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আর এর জেরে সপ্তমী থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড হতে পারে মণ্ডপ। আজ থেকেই পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৩৭ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ফলে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ক্ষতির আশঙ্কা রয়েছে। শুক্র ও শনিবার ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া ও হুগলিতে।

সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে ৭ থেকে ১১ সেমি বৃষ্টি হতে পারে। ২২ থেকে ২৪ অক্টোবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে ৭ থেকে ২০ সেমি। শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই ঝড়বৃষ্টির ফলে কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বেশ কিছু অঞ্চল জলমগ্ন হতে পারে বলে আশঙ্কা।

দুর্যোগের প্রকোপে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় শস্যের ক্ষতিও হতে পারে । ২৪ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী শুক্রবার ও শনিবার সুন্দরবনের ফেরি পরিষেবা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। পর্যটকদের জন্যও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার পর্যন্ত দিঘা, মন্দারমণি, বকখালি প্রভৃতি অঞ্চলে সমুদ্রের ধারে যেতে নিষেধ করা হয়েছে সবাইকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন