নজরবন্দি ব্যুরো: বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটি বর্তমানে উত্তর ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে। শ্রীলঙ্কার উপকূলের অদূরে কমোরিন অঞ্চলে এটি রয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাব পড়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে। ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। কেরলে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাংলায় ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে কি? কেমন থাকবে আবহাওয়া (Weather Update of 18 December)। জেনে নিন বিস্তারিত।



আরও পড়ুন: ‘নিরাপত্তায় গলদ’, দিল্লি সফরের আগে সংসদে গ্যাস হামলা নিয়ে বিস্ফোরক Mamata Banerjee
দক্ষিণের রাজ্যগুলিতে (South India) ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে। একাধিক জেলায় বৃষ্টি হবে। বাংলা বা পূর্ব ভারতের উপকূলে এর প্রভাব পড়বে না। শীতের আমেজ বজায় থাকবে। পশ্চিমবঙ্গের (West Bengal) দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ দুই ভাগেই পারদ ১৪-১৫ ডিগ্রি ছুঁয়েছে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রায় বড় ধরনের কোনও পরিবর্তন আসবে না। নতুন সপ্তাহে পশ্চিমের জেলা ও শহরগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নামতে পারে। ভোরের দিকে ফের বাড়তে পারে কুয়াশা। সোমবার সবকটি জেলায় আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আপাতত রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের পূর্বাভাস (Weather Forecast) নেই।



সমতলে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। বাঁকুড়ায় (Bankura) তাপমাত্রা নেমেছে ৯.৪ ডিগ্রিতে। রবিবার বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া, শ্রীনিকেতন, কৃষ্ণনগরে ছিল যথাক্রমে ৮.৫ ডিগ্রি, ৯.৮ ডিগ্রি, ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
সাগরে তৈরি ঘূর্ণাবর্ত এখন কোথায়? জানুন আবহাওয়ার আপডেট

আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বা মালদা – কোনও জেলায় বৃষ্টি হবে না। দার্জিলিংয়ের পারদ পতন হয়েছে ৪ ডিগ্রিতে। যদিও তুষারপাতের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন উত্তরের বিভিন্ন জায়গায় মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে তাপমাত্রার বড়সড় কোনও হেরফের হবে না।
হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, সোমবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস্র আশেপাশে, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রির ঘরে যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের নীচে।







