নজরবন্দি ব্যুরো: সপ্তাহান্তে ফের ভ্যাপসা গরমের অস্বস্তি। শনিবার সকালের দিকে বৃষ্টি হলেও বেলা বাড়তে না বাড়তেই রোদের তেজ। ঝরছে ঘাম। যদিও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের জেরে চলবে ভারী বর্ষণ। জেনে নিন আজ কেমন থাকবে আবহাওয়া?
আরও পড়ুন: কিছুক্ষণের অপেক্ষা, বাংলায় চলবে দুর্যোগ, ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে সোমবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মঙ্গলবার সেটি নিম্নচাপে পরিণত হওয়ার কথা রয়েছে। এর জেরে গতকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়েছে। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে দিনের বেলা আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজকের পর থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি কমবে।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রির কাছাকাছি।

উত্তরবঙ্গে আগামী পাঁচদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
নিম্নচাপের বৃষ্টি এই জেলাগুলিতে, সপ্তাহান্তে ফের ভ্যাপসা গরমের অস্বস্তি!










