নজরবন্দি ব্যুরো: সপ্তাহের প্রথম দিনেও আকাশের মুখ ভার। রবিবারের মতোই অবস্থা। কখনও ঝিরি ঝিরি আবার কখনও একটানা জোর বৃষ্টির দেখা মিলেছে। ফলে অফিস টাইমে ভিজতে ভিজতেই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য কমতে পারে। জেনে নিন সোমবার কেমন থাকবে আবহাওয়া?
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, আগামী সপ্তাহ থেকেই উত্তরে জারি সতর্কতা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় আজ এবং আগামী দুদিন একটানা বৃষ্টি হবে। কখনও হালকা থেকে মাঝারি আবার কখনও একটানা ভারী বৃষ্টি। অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বর্ষণের পরিমাণ বেশি থাকবে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবারের পর থেকে দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে উত্তরবঙ্গে ফের বৃষ্টির দাপট বাড়বে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তরের দিকে সরছে। এরফলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বুধবার ও বৃহস্পতিবার উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। এই দুদিন ভারী বর্ষণের সম্ভাবনা নেই।

জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা তার অবস্থান থেকে ক্রমশ উত্তরের দিকে সরছে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ বিহারের উপর অবস্থান করছে। মনে করা হচ্ছে, আগামী তিন চারদিনের মধ্যে এটি হিমালয় পাদদেশের কাছে অবস্থান করতে পারে। এরফলে উত্তরাখণ্ড থেকে শুরু করে হিমালয় লাগোয়া উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কর্মব্যস্ত দিনের শুরুতেই মেঘলা আকাশ, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?









