নজরবন্দি ব্যুরো: বাংলায় এই মুহূর্তে দু রকম আবহাওয়া দেখা যাচ্ছে। একদিকে বৃষ্টি চলছে তো বৃষ্টি শেষে রোদ এবং ঝরছে ঘাম। তবে নতুন সপ্তাহে গরম থেকে কিছুটা মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গ। একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। আজ ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন এই প্রতিবেদনে।
আরও পড়ুন: গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গে, স্বস্তির বৃষ্টি কবে? সুখবর দিল হাওয়া অফিস
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পরবর্তী ৪৮ ঘন্টায় সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর এই নিম্নচাপ সক্রিয় হলে ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি ঘটাবে। তার জেরে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হবে। আজ (৩ সেপ্টেম্বর) ও সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

নতুন সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস না থাকলেও, তারপরের চারদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে। আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও তার আশেপাশের এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কয়েকটি জায়গায় কয়েকপশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস




