নজরবন্দি ব্যুরো: উমা বিদায়ের পর ধনদেবী লক্ষ্মীকে ঘরে আনার প্রস্তুতি শুরু হয়ে যায়। আজ মা লক্ষ্মীর আরাধনার দিন। ঘরে ঘরে ব্যস্ততা তুঙ্গে। কারও কারও বাজার এখনও বাকি। সকাল থেকেই বাজারেও ভিড় চোখে পড়ছে। এরই মাঝে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা নেই, নিশ্চিন্তে লক্ষ্মী পুজো কাটবে। তবে রাতের দিকে শীতের আমেজ অনুভূত হবে।
আরও পড়ুন: রাজ্যে এবার শীতের আমেজ, আবহাওয়ায় আপডেট মন ভালো করবে বঙ্গবাসীর
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের দিকে তাপমাত্রা কমবে। আগামী কয়েকদিনে পারদ অনেকটাই নীচে নামবে। ঘূর্ণিঝড় হামুনের প্রভাব বাংলায় পড়েনি। তাই সেইদিক থেকে অনেকটাই স্বস্তি বঙ্গবাসীর। রবিবার থেকেই দক্ষিণের আকাশ ঝলমলে পরিষ্কার থাকবে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। মাসের শেষের দিকে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানা গিয়েছে।

কলকাতার আকাশ সকালের দিকে মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলবে। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েকদিন শহরের তাপমাত্রা থাকবে ৩১-৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। মাসের শেষ কয়েকদিন আকাশ মেঘলা থাকতে পারে।
স্বস্তিতে কাটবে লক্ষ্মীপুজো, কমবে তাপমাত্রা, ফিরছে শীতের আমেজ




