বৈশাখের শুরু থেকেই তীব্র তাপপ্রবাহ চলছে বাংলায়। পিছিয়ে নিয়ে কলকাতাও। উত্তাপের জেরে বাইরে বেরোনো দায় হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক শনিবারের আবহাওয়ার খবর।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি। আদ্রতা ২৭ শতাংশ। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী ৩ দিনে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।

সাত জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস। এই সাত জেলা হল, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম। বাঁকুড়া জেলায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে তাপমাত্রা।

তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় জারি সতর্কতা, বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে
তবে, সোমবার নামতে পারে স্বস্তির বৃষ্টি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা থাকছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে। সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।











