আবহাওয়ার খবর: ঝাড়খণ্ড থেকে ধেয়ে আসছে বিরাট দুর্যোগ, তুমুল ঝড়-বৃষ্টির সতর্করা জারি বাংলায়

ঝাড়খণ্ডের উপর তৈরি বজ্রগর্ভ মেঘের প্রভাবে পুরুলিয়া, বাঁকুড়া-সহ ৪ জেলায় লাল সতর্কতা। কলকাতাতেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আন্তর্জাতিক যোগ দিবসের সকালেই আবহাওয়ার খবর নিয়ে বড় সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া শক্তিশালী বজ্রগর্ভ মেঘের প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আজ তুমুল ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় চার জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা।

শুক্রবারের বৃষ্টির পর শনিবার দক্ষিণবঙ্গজুড়ে ছিল চরম ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে রবিবার থেকেই আবহাওয়ার চরিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে ঝড়-বৃষ্টির দাপট উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

সবচেয়ে বেশি উদ্বেগের কারণ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই চার জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি প্রবল বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কারণে জারি করা হয়েছে লাল সতর্কতা। স্থানীয় প্রশাসনকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ঝড়ের তীব্রতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও আবহাওয়ার প্রভাব পড়বে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে বজ্রপাত ও গাছপালা ভেঙে পড়ার মতো স্থানীয় ক্ষয়ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উত্তরবঙ্গেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়। গত কয়েকদিনের টানা বর্ষণে পাহাড়ি এলাকায় ধস ও পরিকাঠামোগত ক্ষতির ঘটনা সামনে এসেছে। রবিবার দার্জিলিং ও কালিম্পঙে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকায় নতুন করে সমস্যার আশঙ্কা তৈরি হয়েছে।

একই সঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস। তবে আবহাওয়াবিদদের মতে, রবিবারের পর থেকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমবে। ফলে আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে অবশ্য বজ্রঝড়ের এই সক্রিয় পর্ব কতদিন চলবে, সেদিকেই এখন নজর সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন