WBHS Cashless Limit বাড়ল— পশ্চিমবঙ্গ সরকারের নতুন নির্দেশে এবার বড় স্বস্তি পেলেন রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। এতদিন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম (WBHS)-এর অধীনে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে ক্যাশলেস সুবিধার সীমা ছিল ২ লক্ষ টাকা। কিন্তু নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, চিকিৎসার বিল ২ লক্ষ টাকার বেশি হলেও নির্দিষ্ট প্রক্রিয়া মেনে অতিরিক্ত ক্যাশলেস সুবিধা পাওয়া যাবে। রাজ্য অর্থ দপ্তরের মেডিক্যাল সেল এই নতুন নিয়ম কার্যকর করেছে।
রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল এই সীমা বাড়ানোর। কারণ জটিল বা গুরুতর অসুখের চিকিৎসার ক্ষেত্রে ২ লক্ষ টাকার সীমা দ্রুতই ছাড়িয়ে যেত। সেই পরিস্থিতিতে অবসরপ্রাপ্তদের নিজেদের পকেট থেকে টাকা খরচ করতে হত, পরে রিমবার্সমেন্টের মাধ্যমে তা ফেরত পাওয়া যেত। প্রবীণ নাগরিকদের জন্য এই আর্থিক চাপ বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াত।

অন্যদিকে চাকরিরত সরকারি কর্মচারীরা ২ লক্ষ টাকার বেশি চিকিৎসা বিল হলে অগ্রিম বা অ্যাডভান্স পাওয়ার সুবিধা পেতেন। ফলে দুই শ্রেণির কর্মীদের মধ্যে এক ধরনের বৈষম্য তৈরি হয়েছিল। সেই বৈষম্য দূর করতেই নতুন মেকানিজম চালু করেছে রাজ্য সরকার।
কীভাবে মিলবে বর্ধিত ক্যাশলেস সুবিধা
নতুন নিয়ম অনুযায়ী, চিকিৎসা চলাকালীন যদি হাসপাতালের বিল ২ লক্ষ টাকার সীমা অতিক্রম করতে চলেছে বলে মনে হয়, তবে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করতে হবে।
প্রথমে পেনশনভোগী বা তাঁর পরিবারের সদস্যকে সংশ্লিষ্ট এমপ্যানেলড হাসপাতালের কাছে Form C-7 জমা দিতে হবে।


এরপর হাসপাতাল কর্তৃপক্ষ আগামী ১০ দিনের সম্ভাব্য চিকিৎসা খরচের একটি এস্টিমেট তৈরি করবে। সেই এস্টিমেটের সঙ্গে চিকিৎসকের প্রোগনোসিস রিপোর্ট যুক্ত করে তা WBHS পোর্টালে আপলোড করা হবে।
২৪ ঘণ্টার মধ্যে অনুমোদন
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনুমোদন প্রক্রিয়া। অর্থ দপ্তরের মেডিক্যাল সেল এই নথিগুলি পরীক্ষা করে ২৪ কর্মঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানাবে।

যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনও উত্তর না আসে, তবে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বা “Deemed Approved” বলে গণ্য হবে।
কত টাকা পর্যন্ত মিলবে
সরকার হাসপাতালের দেওয়া এস্টিমেটের ৭৫ শতাংশ পর্যন্ত খরচ অনুমোদন করবে, যা ১০০০ টাকার গুণিতকে নির্ধারিত হবে।
তবে এই সুবিধা শুধুমাত্র হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা (IPD) নেওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য।
গুরুত্বপূর্ণ শর্ত
এই সুবিধা পেতে কয়েকটি শর্ত মানতে হবে—
-
হাসপাতালে ভর্তি হওয়ার আগেই এস্টিমেট জমা দেওয়া যাবে না
-
চিকিৎসা চলাকালীন যখন খরচ ২ লক্ষ টাকার সীমা ছাড়াবে, তখনই আবেদন করতে হবে
-
একবারে ১০ দিনের চিকিৎসার জন্য অনুমোদন মিলবে
-
চিকিৎসা দীর্ঘস্থায়ী হলে একই পদ্ধতিতে পুনরায় আবেদন করা যাবে
রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, এই নতুন নিয়ম ২ মার্চ ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
তবে মনে রাখতে হবে, অনুমোদিত সীমার বাইরে বা স্কিমের অন্তর্ভুক্ত নয় এমন কোনও খরচ হলে সেই অর্থ পেনশনভোগীকেই বহন করতে হবে।








