‘সেমিফাইনালে ভারতকেই চাইছিলাম’— সূর্যদের বিরুদ্ধে নামার আগে বড় বার্তা হ্যারি ব্রুকের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আবার ভারত বনাম ইংল্যান্ড। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক জানালেন, সেমিফাইনালে ভারতের বিরুদ্ধেই খেলতে চেয়েছিল তাঁর দল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আবারও ভারত বনাম ইংল্যান্ড মহারণ। পরপর তৃতীয় বার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই শক্তিশালী দল। মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী সুরেই কথা বললেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। তাঁর সোজাসাপ্টা মন্তব্য—সেমিফাইনালে ভারতকেই প্রতিপক্ষ হিসেবে চাইছিল ইংল্যান্ড।

ম্যাচের আগে ‘স্কাই স্পোর্টস’-কে দেওয়া সাক্ষাৎকারে ব্রুক বলেন, “আমরা পুরোপুরি প্রস্তুত। দলের অনেকেই বলছিল, তারা ভারতের বিরুদ্ধেই খেলতে চায়। সেমিফাইনালে ভারতকে পাওয়াটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ এবং দারুণ একটা ম্যাচ হবে। দু’দলের উপরেই প্রচণ্ড চাপ থাকবে।”

তবে ব্রুক জানেন, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সমর্থনের দিক থেকে ইংল্যান্ড পিছিয়েই থাকবে। ভারতীয় দর্শকদের সমর্থন যে সূর্যকুমার যাদবদের দিকেই থাকবে, তা ভাল করেই বোঝেন ইংল্যান্ডের অধিনায়ক।

তিনি বলেন, “ভারত অবশ্যই অনেক বেশি সমর্থন পাবে। বিদেশের মাঠেও ভারতীয় দল অনেক সমর্থন পায়, আর দেশের মাটিতে তো আরও বেশি পাবে। আমরা জানি, আমাদের সমর্থনে খুব বেশি মানুষ থাকবে না। কিন্তু সেই পরিস্থিতিতেই আমাদের ভাল খেলতে হবে এবং আমরা তার জন্য প্রস্তুত।”

এই বিশ্বকাপে এখনও পর্যন্ত ব্যাট হাতে খুব একটা সফল হননি ইংল্যান্ডের তারকা ব্যাটার জস বাটলার। সাত ম্যাচে মাত্র ৬২ রান করেছেন তিনি। গড় ৮.৮৫ এবং স্ট্রাইক রেট ১০৬.৮৯। শেষ পাঁচ ম্যাচে তিনি দুই অঙ্কেও পৌঁছতে পারেননি।

তবু বাটলারের উপর আস্থা হারাচ্ছেন না অধিনায়ক ব্রুক। তাঁর মতে, এত বড় মঞ্চে অভিজ্ঞতার জোরেই ঘুরে দাঁড়াতে পারেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার।

ব্রুক বলেন, “আমার মনে হয় জসকে একটু একা ছেড়ে দেওয়া উচিত। ও বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে একজন। আমি বিশ্বাস করি, ভারতের বিরুদ্ধে ও ভাল খেলবে। আমাদের দলে প্রথম সাত জন ব্যাটারই শক্তিশালী। তাদের মধ্যে দু’এক জন ভাল খেললেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে।”

ভারত ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসও বেশ রোমাঞ্চকর। ২০২২ সালের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে ৪৯ বলে অপরাজিত ৮০ রান করেছিলেন বাটলার। তবে ২০২৪ সালের সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে বদলা নেয় ভারত।

২০০৭ সাল থেকে এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল মোট পাঁচ বার মুখোমুখি হয়েছে। সেখানে ভারত জিতেছে তিন বার, ইংল্যান্ড দু’বার। এবার ষষ্ঠ সাক্ষাতে কে বাজিমাত করে, সেটাই এখন দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর