হাওড়া পুরসভার সমস্ত ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে আগামী মঙ্গলবার ৬ অগস্ট দুপুর ২টো থেকে পরের দিন বুধবার সকাল ৬টা পর্যন্ত। ৭ অগস্ট বুধবার সকাল ৬টা থেকে সমস্ত ওয়ার্ডের জল সরবরাহ স্বাভাবিক হতে চলেছে। নোটিশ দিয়ে জানাল হাওড়া পুরসভা। পুরসভা সূত্রে খবর, জল সরবরাহ করার পাইপ লাইনে বেশ কিছু জায়গায় ফাটল ও ছিদ্র পাওয়া গিয়েছে। তা মেরামতি করার জন্যই প্রায় ১৬ ঘন্টা জল সরবরাহ বন্ধ থাকবে।
উল্লেখ্য, এই মুহূর্তে প্রবল বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার বিভিন্ন এলাকা। এর মধ্যে এই জল সরবরাহ বন্ধের খবরে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা। হাওড়া শহরাঞ্চলে জল জমা কিছু নতুন নয়। সামান্য বৃষ্টিতেই জল জমে যায় রাস্তায়। ডুতে যায় রাস্তাঘাট। এদিকে প্রবল বর্ষন চলছে ২ দিন ধরে। তাই অবস্থা কতটা প্রতিকূল তা ভালরকম বুঝছেন হাওড়ার বাসিন্দারা।

পুরসভা বিজ্ঞপ্তি জারি করেছে প্রায় এক দিন জল বন্ধ রাখার। হাওড়া শহরের বেশিরভাগ বাসিন্দাই সরকারি জলের উপর নির্ভরশীল। খাওয়া, বাসন মাজা, জামা কাপড় ধোয়া, স্নান সবই চলে পুরসভার জলে। তাই এতটা সময় জল বন্ধ থাকার নোটিশে আতঙ্কিত বাসিন্দারা। জল সাপ্লাই বন্ধ থাকার জন্যে তাই অন্য একটি ব্যবস্থা করেছে পুরসভা। সূত্রের খবর, জলের গাড়ির ব্যবস্থা করা হবে এই নির্দিষ্ট সময়ের জন্য।



