নজরবন্দি ব্যুরো: আজকাল ব্যস্ততার যুগে নিজের জন্য একটু ফাঁকা সময় বের করা যেন সম্ভব হয় না। বিভিন্ন কাজের মধ্য দিয়ে কখন গোটা দিন কেটে যায় তা বুঝে ওঠার আগেই নতুন দিন চলে আসে। এই একঘেয়েমি কাটাতে কয়েকদিনের জন্য কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চাইছেন! চলে আসতে পারেন কলকাতার কাছেই এই গ্রামীণ পর্যটনকেন্দ্রে। সাধ্যের মধ্যেই সাধ মিটবে আপনার।
আরও পড়ুন: হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা, চলে আসুন এই অফবিট ডেস্টিনেশনে
আজকের গন্তব্য কাঁথির ‘মনচাষা’। জায়গার নাম দেখেই বুঝতে পারছেন কলকাতা থেকে খুব বেশি দূরে নয়। ‘মনচাষা’ একটি রিসর্টের নাম। এখানে আসতে হলে আপনাকে পৌঁছাতে হবে পাউসি গ্রামে। সকালের স্নিগ্ধতা, ঝিলের শান্ত জল, সবুজে ঘেরা মাঠ এবং নানা রঙের ফুল আপনার মন ভালো করে দেবে। এক গ্রামীণ পরিবেশের ছোঁয়া পাবেন এখানে। রয়েছে গ্রাম বাংলার নানা নিদর্শন। বাউল দরবেশের গানে মন জুড়াবে।

‘মনচাষা’ এলে আপনি পাবেন বাঙালিয়ানার ছোঁয়া। সতেজ পরিবেশে বাহারি রান্নার পদ। শহরের কোলাহল ও ভিড়ের মাঝে যে রান্নাগুলি হারিয়ে গিয়েছে সেগুলি ফিরে পাবেন। পাতে সাজানো থাকবে কলমি শাক, গয়না বড়ি, ঘণ্ট, চচ্চড়ি, ডালনা, ছেঁচকি, চোখা, অম্বলের মত খাবার। এছাড়াও রয়েছে অনেকরকমের মুখরোচক আইটেম। চা-বিস্কুট তো আছেই, বিকেল জমবে মুড়ি-বেগুনি কিংবা পেঁয়াজী দিয়ে।

কলকাতা থেকে দিঘাগামী যেকোনও বাসে উঠে কালীনগর বাস স্টপেজে নামতে হবে। সেখান থেকে ট্রেকার ভাড়া করে পৌঁছে যেতে পারেন মনচাষা। ট্রেনে গেলে আপনাকে নামতে হবে কাঁথি (Contai) স্টেশনে। সেখান থেকে কোনোও গাড়ি ভাড়া করে গন্তব্যে চলে আসতে পারেন। এখানে রাত্রিবাসের জন্য কটেজের ব্যবস্থা আছে। একটি কটেজে চারজন থাকতে পারবেন। খরচ পড়বে প্রায় সাড়ে তিন হাজার টাকা।
শহরের ব্যস্ততা থেকে দূরে, চলে আসুন মনচাষা




