একসময় ভারতীয় ক্রিকেটের বিস্ফোরক ব্যাটার বিনোদ কাম্বলি এখন শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। নয়ের দশকের এই প্রতিভাবান ক্রিকেটারের জীবন বদলে গেছে বেহিসেবি জীবনযাত্রার কারণে। কিন্তু কঠিন সময়ে কাকে পাশে পেয়েছিলেন তিনি? এবার নিজেই সেই কথা জানালেন কাম্বলি।
বিনোদ কাম্বলি জানান, ২০০৯ সালে তাঁদের বন্ধুত্বে টানাপোড়েন শুরু হলেও, চরম বিপদের সময় সচিন তেন্ডুলকরই তাঁকে সাহায্য করেন। দুইবার হার্ট অ্যাটাকের পর ২০১৩ সালে দুটি বড় অস্ত্রোপচারের খরচ সচিনই দেন। কাম্বলি বলেন: “সচিনই আমার জন্য সব করেছে। আমাদের শৈশবের বন্ধন সবসময় দৃঢ় ছিল।”


কাম্বলি তাঁর স্ত্রী আন্দ্রেয়া এবং দুই সন্তান, জিসাস ও জোহানার প্রতি কৃতজ্ঞ। কঠিন সময়ে তাঁর পরিবারই ছিল তাঁর প্রধান শক্তি। পুনর্বাসনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কাম্বলি এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখার চেষ্টা করছেন।
বিনোদ কাম্বলি একসময় ছিলেন প্রতিভার প্রতীক। সচিনের সঙ্গে তাঁর ৬৬৪ রানের রেকর্ড পার্টনারশিপ আজও ক্রিকেট ইতিহাসে বিখ্যাত। কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে মাত্র সাত বছরেই জাতীয় দলে তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যায়।
বর্তমানে কাম্বলি শারীরিকভাবে ভেঙে পড়েছেন। হাঁটার জন্য অন্যের সাহায্য নিতে হয় তাঁকে। একসময়ের ক্রিকেটার, যিনি কিংবদন্তি শেন ওয়ার্নের এক ওভারে ২২ রান মেরেছিলেন, আজ কার্যত দেউলিয়া। কঠিন সময়ে সচিন তেন্ডুলকর যেভাবে বিনোদ কাম্বলির পাশে দাঁড়িয়েছেন, তা তাঁদের বন্ধুত্বের গভীরতাকে নতুনভাবে প্রমাণ করে।









