দেশের অন্যতম চর্চিত বিয়ে পর্ব শেষ হতেই এবার ফের ফিল্মি কাজে ব্যস্ত বিটাউন। সূত্রের খবর, শাহরুখ ও সুহানা খানকে নিয়ে তৈরি সুজয় ঘোষের নতুন ছবিতে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এই ছবিতে নাকি খলনায়কের চরিত্রে দেখা যাবে জুনিয়ার বিগবিকে। পিপিংমুনের তরফে একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে তাঁরা জানতে পেরেছেন যে এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে।

যদিও চরিত্রটি কেমন হবে, কীসের হবে সেটা এখনও জানা যায়নি। গোটা বিষয়টা জিতে বেশ রাখঢাক গুড়গুড় করা হচ্ছে। তবে এটুকু জানা গিয়েছে যে অভিষেকের চরিত্রটা একজন আভিজাত্যপূর্ণ খলনায়কের হবে। অন্যদিকে শাহরুখকে একজন মাফিয়ার চরিত্রে দেখা যাবে। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন সুহানা খানও।



সূত্রের তরফে জানানো হয়েছে, ‘অভিষেক বচ্চনের বহু গুণ আছে। তিনি এখনও দর্শকদের বিভিন্ন চরিত্রের মাধ্যমে চমক দিতে সক্ষম। কিং ছবিতে দর্শকরা তাঁকে প্রথমবার সম্পূর্ণ একটি নেতিবাচক চরিত্রে দেখতে পারবেন। জুনিয়র বচ্চনকে এই চরিত্র অফার করা মাত্রই তিনি সেটা নিয়ে নিয়েছেন।’
কিং খানের ছবিতে এবার ভিলেন অভিষেক! জোর জল্পনা বলিউডে

কয়েকদিন আগে পরিচালক সুজয় ঘোষের ‘কিং’ ছবির শুটিং ফ্লোর থেকে ফাঁস হয়েছিল শাহরুখের লুক। প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ। তবে অভিষেকের খল চরিত্রে অভিনয় একটা বাড়তি পাওনা হবে দর্শকদের কাছে।









