দেশে ফিরতে পারছেন না মাল্য, পাসপোর্ট বাতিল ও ব্রিটিশ নিষেধাজ্ঞার কথা জানালেন আদালতে

বম্বে হাই কোর্টে আইনজীবীর মাধ্যমে জানালেন বিজয় মাল্য, পাসপোর্ট বাতিল ও ব্রিটিশ নিষেধাজ্ঞার কারণে আপাতত ভারতে ফেরা সম্ভব নয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতে কবে ফিরতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা জানাতে পারলেন না পলাতক শিল্পপতি বিজয় মাল্য। বম্বে হাই কোর্টে আইনজীবীর মাধ্যমে তিনি জানিয়েছেন, বর্তমানে ব্রিটেনের ইংল্যান্ড ও ওয়েল্‌স ছেড়ে বেরোনোর অনুমতি নেই তাঁর। ফলে দেশে ফেরার প্রশ্নই উঠছে না।

‘কিংফিশার’-এর প্রাক্তন কর্ণধার Vijay Mallya বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। পলাতক অর্থনৈতিক অপরাধী আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে যে মামলা চলছে, তার বৈধতাকে চ্যালেঞ্জ করে তিনি বম্বে হাই কোর্টে আবেদন করেছেন। প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর ও বিচারপতি গৌতম অঙ্খড়ের বেঞ্চে সেই মামলার শুনানি চলছে।

আদালত জানায়, মাল্য যদি চান তাঁর আবেদন বিবেচনা করা হোক, তবে তাঁকে দেশে ফিরে আসতে হবে। এর প্রেক্ষিতে বুধবার তাঁর আইনজীবী আদালতে লিখিত বক্তব্য পেশ করেন।

সেখানে জানানো হয়, ২০১৬ সালে তাঁর ভারতীয় পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছিল। ফলে তাঁর কাছে এখন কোনও বৈধ ভারতীয় পাসপোর্ট নেই। পাশাপাশি ব্রিটিশ আদালতও তাঁর ইংল্যান্ড ও ওয়েল্‌স ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

আইনজীবীর বক্তব্য, “ইংল্যান্ড ও ওয়েল্‌স ছাড়ার কোনও অনুমতি নেই তাঁর। অন্য দেশে সফরের জন্য প্রয়োজনীয় নথি আবেদন করা বা নিজের কাছে রাখারও অনুমতি নেই। তাই তিনি কবে ভারতে ফিরতে পারবেন, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।”

মাল্যের আইনজীবী আরও জানান, পলাতক অর্থনৈতিক অপরাধী আইনের মামলাকে চ্যালেঞ্জ করার জন্য তাঁর মক্কেলের সশরীরে উপস্থিত থাকার প্রয়োজন নেই। পাশাপাশি, তাঁকে পলাতক ঘোষণা করার নিম্ন আদালতের নির্দেশকেও চ্যালেঞ্জ জানিয়ে আলাদা মামলা দায়ের করা হয়েছে।

এই মামলায় কেন্দ্রীয় সরকারকে নিজেদের অবস্থান জানাতে বলেছে বম্বে হাই কোর্ট। মার্চের দ্বিতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন