ভিয়েতনামে মর্মান্তিক নৌকাডুবি, ৩২ ভারতীয় পর্যটক নিয়ে দুর্ঘটনা; অন্তত ১৫ জনের মৃত্যুর খবর

ভিয়েতনামের ফু খোয়া দ্বীপের কাছে পর্যটকবাহী নৌকা উল্টে বড় দুর্ঘটনা। নৌকায় থাকা ৩২ জন ভারতীয় পর্যটকের মধ্যে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। উদ্ধারকাজে নেমেছে প্রশাসন, পরিস্থিতির উপর নজর রাখছে ভারতীয় দূতাবাস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভিয়েতনামে ভারতীয় পর্যটকদের নৌকাডুবি ঘিরে নেমে এসেছে শোকের ছায়া। ফু খোয়া দ্বীপের কাছে পর্যটকবোঝাই একটি নৌকা উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। নৌকায় মোট ৩২ জন ভারতীয় পর্যটক এবং চারজন নাবিক ছিলেন। এখনও নিখোঁজদের খোঁজে সমুদ্রজুড়ে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, নৌকাটি হন মে রুট থেকে পর্যটকদের নিয়ে আন থোই বন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। স্থানীয় সময় দুপুর প্রায় ১টা নাগাদ যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে এবং উল্টে যায়। মুহূর্তের মধ্যে যাত্রীরা সমুদ্রে পড়ে যান। কেউ সাঁতরে বাঁচার চেষ্টা করলেও অনেকে উত্তাল জলে তলিয়ে যান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশে থাকা নৌকার নাবিকেরা প্রথম উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। পরে স্থানীয় প্রশাসন, উদ্ধারকারী দল এবং ডুবুরিদের ঘটনাস্থলে পাঠানো হয়। তবে সমুদ্রের প্রতিকূল আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা ভিয়েতনাম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতির উপর নজর রাখছে। নিহত ও নিখোঁজ ভারতীয়দের পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে দূতাবাস বিশেষ সহায়তা ব্যবস্থা চালু করেছে। পাশাপাশি হো চি মিন সিটিতে একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে এবং জরুরি যোগাযোগের জন্য একাধিক হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে।

উদ্ধারকাজে অংশ নেওয়া এক নৌকাচালকের দাবি, দুর্ঘটনার পর বেশ কয়েকজন যাত্রী নৌকার ভিতরে আটকে পড়েছিলেন। উত্তাল সমুদ্রের কারণে তাঁদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি, ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

উল্লেখ্য, গত বছরও ভিয়েতনামে একই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। ২০২৫ সালের জুলাই মাসে হা লং উপসাগরে ঝড়ের মধ্যে একটি পর্যটকবাহী নৌকা উল্টে যায়। সেই ঘটনায় ২০ জন শিশুসহ ৩৮ জনের মৃত্যু হয়েছিল। এক বছরের ব্যবধানে ফের বড় নৌ-দুর্ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন