ইরানের দিকে এগোচ্ছে মার্কিন নৌবহর! হামলা চালালেই কঠোর প্রত্যাঘাত— কড়া বার্তা তেহরানের

ইরানের দিকে এগোচ্ছে মার্কিন নৌবহর— ট্রাম্পের ঘোষণার পর তেহরানের কড়া হুঁশিয়ারি, ছোট-বড় যে কোনও হামলাকেই যুদ্ধ ধরে ‘কঠোরতম’ জবাব দেবে ইরান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনার পারদ চড়ছে। ইরানের দিকে এগোচ্ছে বিশাল মার্কিন নৌবহর— এমন ঘোষণার পর তেহরান জানিয়ে দিল, এবার আর কোনও “সংযম” নয়। ইরানের উপর ছোট-বড় যে কোনও হামলাকেই সরাসরি যুদ্ধ হিসেবে দেখা হবে, আর জবাবও হবে ‘কঠোরতম’। হাই অ্যালার্টে রাখা হয়েছে গোটা দেশ— যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিতেই নতুন করে কাঁপছে আন্তর্জাতিক মহল।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের বড় আকারের যুদ্ধজাহাজের বহর পশ্চিম এশিয়ার দিকে এগোচ্ছে। বৃহস্পতিবার দাভোস থেকে ফেরার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “ওই দিকে আমাদের অনেক যুদ্ধজাহাজ যাচ্ছে। যদি হঠাৎ দরকার পড়ে, তাই। আমি চাই না কিছু হোক, কিন্তু আমরা ওদের খুব নিবিড়ভাবে নজরে রাখছি। আমাদের আর্মাডা সে দিকে যাচ্ছে। হয়তো ব্যবহার করতে হবে না।”

- Advertisement -

ট্রাম্পের এই মন্তব্যের পর শুক্রবার রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি আধিকারিক জানান, আমেরিকার সামরিক প্রস্তুতির পিছনে সরাসরি সংঘাতের উদ্দেশ্য না থাকলেও, তেহরান খারাপ পরিস্থিতির জন্য সম্পূর্ণ তৈরি। তাঁর কথায়, “ইরান এখন পুরোপুরি হাই অ্যালার্টে রয়েছে।”

সবচেয়ে কড়া বার্তাটি এসেছে হামলার সংজ্ঞা নিয়ে। ওই আধিকারিক দাবি করেছেন, “এবার থেকে আমরা যে কোনও হামলাকে— তা অল্প হোক, বেশি হোক, সার্জিক্যাল হোক বা অনিয়ন্ত্রিত— সম্পূর্ণ যুদ্ধ হিসেবেই বিবেচনা করব। এবং তার কঠোরতম জবাবও দেওয়া হবে।”

ইরানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘিত হলে পাল্টা প্রত্যাঘাত অনিবার্য— এমন বার্তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। যদিও ঠিক কী ধরনের হামলার আশঙ্কা করছে তেহরান, বা পাল্টা প্রতিক্রিয়া কেমন হতে পারে— সেই বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য দেননি তিনি।

তবে ইরানের যুক্তি একেবারে পরিষ্কার— দীর্ঘদিন ধরে আমেরিকার কাছ থেকে সামরিক হুমকির মুখে থাকা দেশ হিসেবে, সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা তাদের কাছে বাধ্যতামূলক। ওই আধিকারিকের কথায়, “একটি দেশ যখন নিয়মিতভাবে হুমকির মুখে থাকে, তখন দেশ বাঁচাতে তার হাতে যা কিছু রয়েছে, সব ব্যবহার করতে হয়।”

- Advertisement -

উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়লেই অতীতে বারবার সেনা ও যুদ্ধসামগ্রী মোতায়েন করেছে ওয়াশিংটন। যদিও বহু ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল তুলনামূলক ‘রক্ষণশীল’। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে, বিশেষ করে ইরানের পারমাণবিক প্রকল্পকে ঘিরে।

বিশ্লেষকদের একাংশের মতে, ট্রাম্পের “আর্মাডা” বার্তা এবং তেহরানের “যুদ্ধ হিসেবে দেখা হবে” ঘোষণা— দু’পক্ষের অবস্থানই দ্রুত সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ফলে নতুন করে পশ্চিম এশিয়ায় যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কূটনৈতিক মহলের অনেকেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর