২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে কি লাগবে চার্জ? জল্পনার মাঝে বড় ব্যাখ্যা দিলেন RBI গভর্নর

UPI লেনদেনে MDR চালুর জল্পনার মাঝে RBI গভর্নর স্পষ্ট করলেন, বিষয়টি এখনও আলোচনায়। সাধারণ ব্যবহারকারী, ছোট ব্যবসায়ী ও বড় মার্চেন্টদের ক্ষেত্রে কী প্রস্তাব রয়েছে, জানুন বিস্তারিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)-এ ২,০০০ টাকার বেশি লেনদেনে ভবিষ্যতে কোনও ফি বা চার্জ বসানো হতে পারে কি না, তা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এই জল্পনার মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুললেন রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India – RBI)-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা (Sanjay Malhotra)। বুধবার মুদ্রানীতি (MPC) বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি নিয়ে সরকারের স্তরে আলোচনা চলছে।

সঞ্জয় মালহোত্রা বলেন, এখনই কোনও নির্দিষ্ট সিদ্ধান্তের কথা বলা তাড়াহুড়ো হবে। তাঁর বক্তব্য, UPI-র মতো বৃহৎ ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো পরিচালনার একটি খরচ রয়েছে এবং সেই ব্যয় শেষ পর্যন্ত কোনও না কোনও পক্ষকে বহন করতেই হয়। তবে ভবিষ্যতে সেই ব্যয় কীভাবে ভাগ হবে বা কোনও নতুন ব্যবস্থা আনা হবে কি না, তা এখনও নির্ধারিত হয়নি।

গভর্নর আরও বলেন, বর্তমানে এই খরচের একটি অংশ বিভিন্ন সংস্থা বহন করছে। যদিও সেই ব্যয় সরাসরি সাধারণ গ্রাহকদের উপর পড়ছে না। ভবিষ্যতে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (Merchant Discount Rate – MDR) পুনরায় চালু হবে কি না অথবা অন্য কোনও বিকল্প ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনই মন্তব্য করা সম্ভব নয়।

MDR নিয়ে কেন আলোচনা?

বর্তমানে সাধারণ গ্রাহকরা UPI-র মাধ্যমে টাকা পাঠানো বা গ্রহণ করার জন্য কোনও চার্জ দেন না। ২০২০ সালের জানুয়ারি থেকে UPI লেনদেনে MDR কার্যত শূন্য করা হয়েছে। ফলে ব্যাঙ্ক এবং ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকেই লেনদেনের প্রযুক্তিগত ব্যয়ের বড় অংশ বহন করতে হচ্ছে। সরকারও নির্দিষ্ট পরিমাণ ভর্তুকি দেয়, তবে UPI লেনদেনের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সেই ভর্তুকি সব খরচ মেটানোর জন্য যথেষ্ট নয় বলে শিল্পমহলের দাবি।

২,০০০ টাকার বেশি লেনদেনে কী প্রস্তাব নিয়ে আলোচনা?

সরকারি ও শিল্পমহলের আলোচনায় যে প্রস্তাবগুলি রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, তার মধ্যে রয়েছে—

  • ২,০০০ টাকার বেশি UPI লেনদেনে MDR চালুর সম্ভাবনা
  • এই চার্জ শুধুমাত্র বড় ব্যবসায়ী (Large Merchants)-দের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।
  • সম্ভাব্য MDR হার ০.৩% থেকে ০.৫%-এর মধ্যে থাকতে পারে।
  • ব্যক্তিগত UPI ট্রান্সফার বা ছোট দোকানদারদের ক্ষেত্রে কোনও চার্জ বসানোর প্রস্তাব নেই

অর্থাৎ, আপনি যদি কোনও বন্ধুকে টাকা পাঠান, পরিবারের সদস্যকে UPI-তে অর্থ স্থানান্তর করেন বা স্থানীয় ছোট দোকানে UPI-তে মূল্য পরিশোধ করেন, বর্তমানে কোনও অতিরিক্ত চার্জ দিতে হচ্ছে না এবং এমন কোনও পরিবর্তনও ঘোষণা করা হয়নি

এখন কী নিয়ম?

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই মুহূর্তে ২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে কোনও নতুন ফি বা চার্জ কার্যকর হয়নি। RBI গভর্নরও স্পষ্ট করেছেন, বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। ফলে সামাজিক মাধ্যমে প্রচারিত বিভিন্ন দাবি বা গুজবের ভিত্তিতে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই।

ভবিষ্যতে যদি সরকার বা RBI কোনও নতুন নীতি কার্যকর করে, তাহলে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ততদিন পর্যন্ত সাধারণ UPI ব্যবহারকারীদের জন্য আগের নিয়মই বহাল রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন