তিন বছর পর মুম্বইয়ের অধিনায়ক রোহিত, ‘নীতা বৌদি’কে নিয়ে কী বললেন হিটম্যান?

হার্দিক পাণ্ড্য পঞ্জাব কিংসে যাওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে ফিরলেন রোহিত শর্মা। নতুন দায়িত্ব পেয়ে নীতা অম্বানী ও আকাশ অম্বানীকে নিয়ে কী বললেন তিনি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তিন বছরের অপেক্ষার অবসান। ফের মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে ফিরেছেন রোহিত শর্মা। ২০২৭ সালের আইপিএলের আগে হার্দিক পাণ্ড্যকে পঞ্জাব কিংসে পাঠানোর পর অভিজ্ঞ রোহিতের হাতেই অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি। নতুন দায়িত্ব পেয়ে নিজের উচ্ছ্বাস গোপন করেননি ভারতীয় তারকা। জানিয়েছেন, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আবার নেতৃত্ব দিতে নামার জন্য তিনি মুখিয়ে রয়েছেন।

অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনের পর মুম্বই ইন্ডিয়ান্সের দেওয়া বিবৃতিতে রোহিত বলেন, এই দল তাঁর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মুম্বইয়ের নেতৃত্ব দেওয়া বরাবরই তাঁর কাছে গর্বের বিষয়। আগামী মরসুম নিয়ে নীতা অম্বানী ও আকাশ অম্বানীর সঙ্গে তাঁর দারুণ আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

রোহিতের কথায়, “মুম্বই ইন্ডিয়ান্স আমার জীবনের একটা বড় অংশ। এই দলের নেতৃত্ব দিতে পারা সব সময়েই আমার কাছে গর্বের। নীতা বৌদি এবং আকাশের সঙ্গে আগামী মরসুম নিয়ে দারুণ সব কথাবার্তা হয়েছে। আমরা কী অর্জন করতে পারি, তা নিয়ে প্রচুর আত্মবিশ্বাস রয়েছে।”

২০২৭ সালের আইপিএল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে বিশেষ মরসুম। ফ্র্যাঞ্চাইজির ২০তম মরসুমে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে রোহিতও বাড়তি উদ্দীপনার কথা জানিয়েছেন। তাঁর লক্ষ্য, সমর্থকদের জন্য আনন্দের মুহূর্ত তৈরি করা এবং দলের নিজস্ব ক্রিকেটের ধরন বজায় রাখা।

রোহিত আরও বলেন, “২০তম মরসুমের জন্য আমি তৈরি। সামনে যে সমস্যাই থাকুক না কেন, সমর্থকদের আনন্দ করার অনেক মুহূর্ত তৈরি করে দেব। নিজেদের ঘরানার ক্রিকেট খেলা এবং সকলে মিলে খেলাটা উপভোগ করার দিকেই মনোযোগ থাকবে আমাদের।”

রোহিতের প্রত্যাবর্তনে আবেগাপ্লুত মুম্বই ইন্ডিয়ান্সের মালিক নীতা অম্বানীও। তাঁর মনে পড়ে গিয়েছে ২০১১ সালের কথা। সেই বছরই মুম্বই দলে যোগ দিয়েছিলেন রোহিত। এরপর ধীরে ধীরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন তিনি। অধিনায়ক হিসেবেও মুম্বইকে একাধিক স্মরণীয় সাফল্য এনে দিয়েছেন।

নীতা অম্বানী বলেন, রোহিতের দলে যোগ দেওয়ার মুহূর্ত এখনও তাঁর মনে রয়েছে। এত বছর ধরে একজন ক্রিকেটার হিসেবে রোহিতের বেড়ে ওঠার সাক্ষী থাকতে পেরে তিনি গর্বিত। তাঁর মতে, রোহিত শুধু একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার নন, তিনি একজন নেতা এবং অসাধারণ মানুষও। ফ্র্যাঞ্চাইজির ২০তম মরসুমে তাঁকে আবার অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া বিশেষ মুহূর্ত বলে জানিয়েছেন নীতা।

মুম্বই ইন্ডিয়ান্সের আর এক মালিক আকাশ অম্বানীও রোহিতের প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, রোহিতের সঙ্গে মুম্বইয়ের সমর্থকদের সম্পর্ক বরাবরই বিশেষ। নতুন অধ্যায় সেই সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেই আশা তাঁর।

উল্লেখ্য, ২০২৪ সালের আইপিএলের আগে রোহিতকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে মুম্বইয়ের অধিনায়ক করা হয়েছিল। গুজরাত টাইটান্স থেকে মুম্বইয়ে ফিরে দায়িত্ব পেয়েছিলেন হার্দিক। সেই সিদ্ধান্ত ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছিল। তিন মরসুম পর ফের নেতৃত্বে ফিরলেন রোহিত। ফলে ২০২৭ সালের আইপিএলে মুম্বইয়ের ডাগআউট এবং মাঠে নতুন করে দেখা যাবে পুরনো অধিনায়ককে।

রোহিতের নেতৃত্বে মুম্বই পাঁচবার আইপিএল জিতেছে—২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে। এবার ফ্র্যাঞ্চাইজির ২০তম মরসুমে তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ। পুরনো সাফল্যের স্মৃতি সঙ্গে নিয়ে দলকে আবার শিরোপার লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়াই হবে তাঁর লক্ষ্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর