বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে ফের চর্চায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসন্ন মরসুমের ছোট নিলামে নাম নথিভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কেন এমন সিদ্ধান্ত, তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি মুস্তাফিজুর। তবে তাঁর ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, গত মরসুমে আইপিএল ঘিরে তৈরি হওয়া বিতর্কের রেশ এবং নিলামে অবিক্রিত থেকে যাওয়ার আশঙ্কা—এই দুই কারণেই নিলাম থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুস্তাফিজুরের ভয়, নিলামে নাম উঠলেও যদি কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে না কেনে, তা হলে বাংলাদেশে তাঁকে ঘিরে সমালোচনা শুরু হতে পারে। বিশেষ করে সমাজমাধ্যমে সমর্থকদের একাংশ তাঁকে ‘লোভী’ বলে কটাক্ষ করতে পারেন। সেই অস্বস্তিকর পরিস্থিতি এড়াতেই নিলামে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বলে দাবি ওই ঘনিষ্ঠ সূত্রের।
সূত্রটির বক্তব্য, গতবারের অভিজ্ঞতা এখনও মুস্তাফিজুরের মনে দাগ কেটে রয়েছে। তাই নতুন করে নিলামে গিয়ে অবিক্রিত থাকার ঝুঁকি নিতে চাইছেন না তিনি। যদিও এই বিষয়ে মুস্তাফিজুর নিজে এখনও কোনও মন্তব্য করেননি। ফলে তাঁর সিদ্ধান্তের পিছনে ওই কারণগুলিই চূড়ান্ত—এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তবে আইপিএল থেকে সরে দাঁড়ালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে দূরে থাকতে চান না বাংলাদেশের এই পেসার। ওই সূত্রের দাবি, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার বিষয়ে আগ্রহী তিনি। অতীতে লাহৌর কালন্দার্সের হয়ে খেলেছেন মুস্তাফিজুর। আগামী মরসুমেও পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁকে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তাঁর ঘনিষ্ঠজন।
আইপিএলে মুস্তাফিজুরের অভিজ্ঞতা অবশ্য কম নয়। শাকিব আল হাসানের পর বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এই প্রতিযোগিতায় অন্যতম পরিচিত মুখ তিনি। এখনও পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে ন’টি মরসুমে খেলেছেন বাঁহাতি পেসার। ২০১৬ সালে আইপিএলে অভিষেক মরসুমেই জিতেছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। এই সম্মান পাওয়া একমাত্র বিদেশি ক্রিকেটার তিনি।
আইপিএলে তাঁর পারফরম্যান্সও উল্লেখযোগ্য। এখনও পর্যন্ত ৬০টি ম্যাচে ৬০টি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর। তাঁর ইকোনমি রেট ৮.১৩। ডেথ ওভারে কাটার ও স্লোয়ারের ব্যবহার তাঁকে বিশেষ পরিচিতি দিয়েছে। এমন অভিজ্ঞ ক্রিকেটারের নিলাম থেকে সরে দাঁড়ানো তাই স্বাভাবিকভাবেই আলোচনার বিষয় হয়ে উঠেছে।
গত মরসুমে মুস্তাফিজুরকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে। ২০২৬ সালের আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাঁকে দল থেকে ছেড়ে দিতে হয় ফ্র্যাঞ্চাইজ়িটিকে। সেই সিদ্ধান্ত ঘিরে ভারত ও বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের মধ্যে টানাপড়েন তৈরি হয়েছিল।
এর পরেই ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে আপত্তি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে দল পাঠাতে রাজি হয়নি তারা। বাংলাদেশের ম্যাচগুলি নিরপেক্ষ দেশে আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদনও জানানো হয়েছিল। কিন্তু সেই দাবি মানেনি আইসিসি। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। তাদের জায়গায় প্রতিযোগিতায় সুযোগ পায় স্কটল্যান্ড।
এই ঘটনার পর আইপিএলে মুস্তাফিজুরের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছিল। নভেম্বরের গোড়ায় তাঁর নিলামে নাম নথিভুক্ত করার খবর প্রকাশ্যে এসেছিল। কিন্তু চূড়ান্ত নিলাম তালিকায় তাঁর নাম দেখা যায়নি। ফলে শেষ পর্যন্ত আইপিএল থেকে দূরে থাকার সিদ্ধান্তই নিয়েছেন তিনি। এখন নজর পিএসএলের দিকে। লাহৌর কালন্দার্সের হয়ে ফের মাঠে নামার সুযোগ পান কি না, সেটাই দেখার।



